E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে নিতে চায় যুক্তরাষ্ট্র

২০২৬ এপ্রিল ২৩ ১৩:৫৫:২৪
বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে নিতে চায় যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে নতুন বিতর্কের ইঙ্গিত মিলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এক দূত চান, ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হোক।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউজ, ফিফা কিংবা ইতালি ও ইরানের ফুটবল ফেডারেশন।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত পাওলো জামপোল্লি ইতোমধ্যে এই প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে ইরানের পরিবর্তে ইতালিকে নেওয়ার কথা বলেছেন।

ইতালিতে জন্ম নেওয়া এই দূতের মতে, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে দেখা গেলে সেটি হবে ‘স্বপ্নের মতো’।

এ উদ্যোগের পেছনে কূটনৈতিক প্রেক্ষাপটও রয়েছে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস।

ইরান-সম্পর্কিত ইস্যুতে পোপের সমালোচনার জেরে ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্য ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায়। সেই সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবেই এই প্রস্তাব এসেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে বাস্তবতা ভিন্ন। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছে ইতালি। এবার বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে প্লে-অফে টাইব্রেকারে ৪-১ গোলে হেরে বিদায় নেয় তারা।

অন্যদিকে ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলার পর ইরান ফুটবল ফেডারেশন তাদের গ্রুপ পর্বের ম্যাচ যুক্তরাষ্ট্রের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে ফিফাকে।

গত মাসে তুরস্কে ইরানের অনুশীলন ক্যাম্প পরিদর্শন করে ফিফা সভাপতি ইনফান্তিনো জানান, সূচি অনুযায়ীই ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজও জানিয়েছেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি। তবে কর্তৃপক্ষ যেকোনো সিদ্ধান্ত নিলে সেটি মানতে হবে। আপাতত জাতীয় দলের লক্ষ্য বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত থাকা।’

যদি কোনো কারণে ইরান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে শূন্যস্থান পূরণের দায়িত্ব থাকবে ফিফার ওপর। নিয়ম অনুযায়ী তারা যেকোনো দলকে সুযোগ দিতে পারে।

এক্ষেত্রে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নিজ অঞ্চলের কোনো দলকে সুযোগ দিতে চাপ সৃষ্টি করতে পারে। সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় আছে সংযুক্ত আরব আমিরাত, যারা গত নভেম্বরে ইরাকের কাছে প্লে-অফে হেরে মূল পর্বে উঠতে পারেনি।

ফুটবল ইতিহাসে ইতালির সাফল্য অনেক বেশি হলেও সংযুক্ত আরব আমিরাত মাত্র একবার (১৯৯০ সালে) বিশ্বকাপ খেলেছে, যেখানে তিন ম্যাচেই পরাজিত হয়েছিল তারা।

উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আসর।

(ওএস/এএস/এপ্রিল ২৩, ২০২৬)

























পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test