E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল

২০২৬ মে ২৫ ১৩:২৭:৩৪
ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের মাটিতে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রবিবার দিবাগত রাতে লন্ডনের উদ্দেশে রওনা দেন দলের প্রথম বহরের ক্রিকেটার ও স্টাফরা। প্রথম ধাপে গেছেন ১৩ জন, পরে দ্বিতীয় বহরে যাবেন বাকি সদস্যরা।

বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবেন নিগার সুলতানা জ্যোতিরা। এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখছে দল।

দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তারা। জ্যোতি বলেন, ‘আমাদের শেষ পর্যায়ের যে প্রস্তুতিটা হয়েছে, মিরপুরে। প্রস্তুতি ম্যাচ খেলেছি, ভালো অনুশীলন হয়েছে, এগুলো আমাদের জন্য ভালোই ইমপ্যাক্টফুল ছিল আমি বলব। শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে আমাদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাট মাথায় রেখেই প্রস্তুতি নিতে হয়েছে। সেই সিরিজে ফল আমাদের পক্ষে না আসলেও কিছু প্লেয়ারের ভালো পারফরম্যান্স ছিল। যেগুলো দলকে অনেক বেশি বুস্ট আপ করেছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অতীত খুব একটা সুখকর নয়। এখন পর্যন্ত ২৫ ম্যাচে মাত্র তিনটি জয় এসেছে। তবে এবার সেই চিত্র বদলাতে চায় জ্যোতির দল। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে।

প্রতিটি ম্যাচ ধরেই এগোতে চান অধিনায়ক। বিশেষ করে কিছু ম্যাচে জয়ের ভালো সম্ভাবনা দেখছেন তিনি।

নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমাদের দুটি ম্যাচে জেতার অনেক বড় সুযোগ থাকবে, একটা হচ্ছে নেদারল্যান্ডস ও পাকিস্তান। দ্বিতীয়ত ভারতের সঙ্গে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের ম্যাচ জেতার অভিজ্ঞতা আছে। আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই। শুরুটা যদি ভালো পাই, ছন্দ পেলে সেটা বাকি টুর্নামেন্টে সাহায্য করবে।’

সাম্প্রতিক সময়ে নারী ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিকতা নিয়ে আলোচনা হচ্ছে বেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপের পথে পা বাড়িয়েছে দল। স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজকে নিজেদের জন্য বড় সুযোগ হিসেবেও দেখছেন অধিনায়ক।

জ্যোতি বলেন, ‘স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাব, এটা অনেক বড় সুযোগ। আমাদের দল কতটা ভালো খেলবে বিশ্বকাপে এবং কীভাবে ম্যাচ জিতবে, সেটা যাচাইয়ের ভালো সুযোগ ছিল।’

(ওএস/এএস/মে ২৫, ২০২৬)






পাঠকের মতামত:

২৫ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test