E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা

২০২৬ মে ২৮ ১১:৩৩:৪৪
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ১৬ বছর পর আবারও বিশ্বকাপের মূল পর্বে ফিরছে দক্ষিণ আফ্রিকা। সেই প্রত্যাবর্তনের মঞ্চে চমক রেখেই ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ হুগো ব্রোস। বুধবার (২৭ মে) ঘোষিত দলে জায়গা পেয়েছেন দুই অনভিষিক্ত ডিফেন্ডার ওলওয়েথু মাখানিয়া ও ব্র্যাডলি ক্রস।

২২ বছর বয়সী সেন্টারব্যাক মাখানিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলেন। অন্যদিকে ২৫ বছর বয়সী লেফটব্যাক ব্র্যাডলি ক্রস খেলেন দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী ক্লাব কাইজার চিফসে। বিশ্বকাপ বাছাইপর্বে এই দুজনের কেউই দলের অংশ ছিলেন না। তবে রক্ষণভাগে বিকল্প ও গভীরতা বাড়ানোর লক্ষ্যেই তাদের দলে অন্তর্ভুক্ত করেছেন ব্রোস।

অভিজ্ঞদেরও গুরুত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোচ। ৩৬ বছর বয়সী প্লেমেকার থেম্বা জওয়ানেকে দলে রেখে ব্রোস বুঝিয়ে দিয়েছেন, মাঝমাঠে অভিজ্ঞতা ও সৃজনশীলতাকে তিনি কতটা মূল্য দিচ্ছেন। আক্রমণভাগে দলের অন্যতম বড় ভরসা বার্নলির স্ট্রাইকার লাইল ফস্টার। ঘোষিত ২৬ সদস্যের দলে ১৯ জনই খেলেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে।

চোটের শঙ্কা থাকলেও দলে জায়গা পেয়েছেন নিয়মিত লেফটব্যাক অউব্রে মোদিবা। হ্যামস্ট্রিং সমস্যার কারণে মামেলোডি সানডাউনসের হয়ে সিএএফ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দ্বিতীয় লেগে খেলতে পারেননি তিনি। তবু তাঁর অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছেন ব্রোস।

বিশ্বকাপ মিশন শুরু হবে ১১ জুন, সহ-স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে। গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার অন্য দুই প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ কোরিয়া। ১৮ জুন আটলান্টায় চেকদের মুখোমুখি হবে বাফানা বাফানা। এরপর ২৪ জুন মন্টেরেতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে তারা।

৭৪ বছর বয়সী হুগো ব্রোস আগেই জানিয়ে দিয়েছেন, এই বিশ্বকাপই হতে যাচ্ছে তার কোচিং ক্যারিয়ারের শেষ আসর। দল ঘোষণার পর ব্রোস বলেন, বাদ পড়া খেলোয়াড়দের হতাশা তিনি বুঝতে পারেন, কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়েছে। তার বিশ্বাস, বিশ্বকাপের জন্য সঠিক খেলোয়াড়দেরই বেছে নিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা এর আগে তিনটি বিশ্বকাপে খেলেছে। ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর ২০০২ সালেও খেলেছিল তারা। ২০১০ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজন করলেও তিনবারই গ্রুপ পর্ব পেরোতে পারেনি বাফানা বাফানা। এবার দীর্ঘ বিরতির পর বিশ্বমঞ্চে ফিরে সেই হতাশার ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল

গোলরক্ষক
রনওয়েন উইলিয়ামস, রিকার্ডো গস, সিফো চেইন

ডিফেন্ডার
খুলিসো মুদাউ, অউব্রে মোদিবা, খুলুমানি এনদামানে, ওলওয়েথু মাখানিয়া, ব্র্যাডলি ক্রস, থাবাং মাতুলুদি, এনকোসিনাথি সিবিসি, কামোগেলো সেবেলেবেলে, ইমে ওকন, সামুকেলে কাবিনি, এমবেকেজেলি এমবোকাজি

মিডফিল্ডার
তেবোহো মোকোয়েনা, জেডেন অ্যাডামস, থালেন্তে এমবাথা, স্ফেফেলো সিথোলে

ফরোয়ার্ড
অসউইন অ্যাপোলিস, সেপাং মোরেমি, এভিডেন্স মাকগোপা, রেলেবোহিলে মোফোকেং, লাইল ফস্টার, ইকরাম রেইনার্স, থেম্বা জওয়ানে, থাপেলো মাসেকো

(ওএস/এসপি/মে ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test