E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি

২০২৬ জুলাই ১৫ ১২:৫৫:৫৬
বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি

স্পোর্টস ডেস্ক : হাজার হাজার কিলোমিটার দূরে। বিশ্বকাপে নেই বাংলাদেশ। তবুও বিশ্বকাপ এলেই নীল-সাদা জার্সিতে রঙিন হয়ে ওঠে ঢাকার রাজপথ, ছড়িয়ে পড়ে উল্লাসের ঢেউ। আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর মিছিল, আতশবাজি আর উদযাপনের সেই দৃশ্য এখন শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার বিষয়। সেই অকৃত্রিম ভালোবাসা এবার ছুঁয়ে গেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকেও। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘তাদের আরও একটি আনন্দ উপহার দিতে চান।’

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে ধন্যবাদ। তারা সব সময় আমাদের বিস্মিত করে। এত দূর থেকে আর্জেন্টিনাকে সমর্থন করা সত্যিই অবিশ্বাস্য। পৃথিবীর অন্য প্রান্তে মানুষকে আমাদের জার্সি পরে দেখতে সবসময়ই ভালো লাগে। আমরা তাদের আরও একটি আনন্দ দিতে পারলে খুব খুশি হবো।’

চলতি বিশ্বকাপজুড়ে বাংলাদেশের আর্জেন্টিনা-উন্মাদনা আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর ঢাকার রাস্তায় হাজারো সমর্থকের মিছিল, আতশবাজি এবং নীল-সাদা জার্সিতে উদযাপনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমও সেই চিত্র তুলে ধরেছে।

স্কালোনিও জানিয়েছেন, বাংলাদেশের সমর্থকদের সেই আবেগ তার নজর এড়ায়নি। হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের ভালোবাসা তাকে স্পর্শ করেছে।

এদিকে, বুধবার যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্য সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে স্পেন।

এখন স্কালোনির লক্ষ্য একটাই — ইংল্যান্ডকে হারিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠা। আর সেই জয় দিয়ে বাংলাদেশের কোটি আর্জেন্টিনা সমর্থকের মুখেও আরও একবার হাসি ফোটানো।

(ওএস/এএস/জুলাই ১৫, ২০২৬)









পাঠকের মতামত:

১৫ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test