E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চীন যাচ্ছেন বাংলাদেশের ৫৪ হকি খেলোয়াড়

২০২৬ আগস্ট ২৯ ১৩:৫১:১৩
চীন যাচ্ছেন বাংলাদেশের ৫৪ হকি খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ৫৪ জন হকি খেলোয়াড় এক সঙ্গে অবস্থান করবেন চীনে। এরমধ্যে জাতীয় দলের ১৮ খেলোয়াড় এবং অনূর্ধ্ব-২০ ছেলে ও মেয়ে ৩৬ খেলোয়াড়। তিনটি দলের লক্ষ্য তিন রকম। জাতীয় দল চীনের তানজিং শহরে যাবে এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে এবং অনূর্ধ্ব-২০ ছেলে ও মেয়েদের দল যাবে জুনিয়ার এশিয়া কাপ খেলতে দেশটির মকিতে।

জুনিয়র দুটি দলই চীন চলে যাচ্ছে শনিবার রাত পৌনে দশটায়। জাতীয় দলের যাওয়ার কথা ২ সেপ্টেম্বর দুপুরে। টিকিটসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলেও জাতীয় দল এখনো ভিসা পায়নি। বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেছেন, ‘সোমবারের মধ্যে ভিসা হয়ে যাবে।’ জাতীয় দল অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ শেষ করে দেশে ফিরবে ১২ সেপ্টেম্বর।

তানজিংয়ে জাতীয় হকি দল কন্ডিশনিং ক্যাম্প ও পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এর মধ্যে তিনটি ম্যাচ বাংলাদেশ খেলবে চীন জাতীয় দলের বিপক্ষে। এই তিন ম্যাচ হবে আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন। অন্য দুটি প্রস্তুতি ম্যাচ প্রাদেশিক দলের বিপক্ষে।

জাতীয় দলের ১৮ খেলোয়াড়ের সাথে চীন সফরে কোচসহ পাঁচ অফিসিয়াল। জাতীয় দলের নেতৃত্বে দেবেন ফেডারেশনের সহসভাপতি সাজেদ এএ আদেল। ম্যানেজার আরিফুল হক প্রিন্স, সহকারী ম্যানেজার মিজানুর রহমান ডন ও কোচ পিটার গেরহার্ড।

এশিয়া কাপে ছেলেরা খেলবে ‘বি’ গ্রুপে মালয়েশিয়া, পাকিস্তান, কাজাখস্তান ও স্বাগতিক চীনের বিপক্ষে। আর মেয়েরা খেলবে চ্যালেঞ্জার পুলে চাইনিজ তাইপে, হংকং, কাজাখস্তান ও পাকিস্তানের বিপক্ষে।

৪ সেপ্টেম্বর শুরু হয়ে জুনিয়র এশিয়া কাপের ছেলে ও মেয়েদের বিভাগের খেলা শেষ হবে ১৩ সেপ্টেম্বর।

চীন যাওয়ার আগে জাতীয় ও অনূর্ধ্ব-২০ হকি দল শেষ প্রস্তুতি ম্যাচ খেলেছে শুক্রবার মওলানা ভাসানী স্টেডিয়ামে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জাতীয় দল ৪-৩ গোলে হারিয়েছে জুনিয়র দলকে। জাতীয় দলের হ্যাটট্রিক করেছেন আশরাফুল ইসলাম। অন্য গোলটি করেন রকিবুল ইসলাম রকি। জুনিয়র দলের গোলদাতা জনি, তৈয়ব ও আশরাফুল আলম।

(ওএস/এএস/আগস্ট ২৯, ২০২৬)









পাঠকের মতামত:

২৯ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test