E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘হাজারবার বর্ণবাদের শিকার হয়েছি’

২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৪:১৩:২৩
‘হাজারবার বর্ণবাদের শিকার হয়েছি’

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল বলেছেন, জীবনে ‘হাজারবার’ বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। তবে তার অভিজ্ঞতায়, অনেকেই নিজেদের মন্তব্য বা আচরণ যে বর্ণবাদী, সেটি বুঝতে পারেন না।

দ্রুত উত্থানের পথে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০২৪ সালের অক্টোবরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচে ইয়ামাল, রাফিনিয়া ও আনসু ফাতিকে বর্ণবাদী গালাগাল করার দৃশ্য ধরা পড়েছিল ভিডিও ফুটেজে।
ম্যাচটি হয়েছিল সান্তিয়াগো বার্নাব্যুতে।

এ ছাড়া স্পেনে অনলাইনে বর্ণবাদী আক্রমণেরও নিয়মিত লক্ষ্যবস্তু ইয়ামাল।
স্প্যানিশ অবজারভেটরি অন রেসিজম অ্যান্ড জেনোফোবিয়া গত মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছিল, ২০২৫ সালের শেষ তিন মাসে স্পেনে অনলাইনে বর্ণবাদী আক্রমণের সবচেয়ে বেশি শিকার হয়েছেন ইয়ামাল ও ভিনিসিয়ুস জুনিয়র।

স্পেনের সাবেক তারকা হোর্হে ভালদানো স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টারের এক সাক্ষাৎকারে সরাসরি বর্ণবাদের শিকার হয়েছেন কি না জানতে চাইলে ইয়ামাল বলেন, ‘হাজারবার।


নিজের অভিজ্ঞতা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘মানুষ আপনার প্রতি পরোক্ষভাবে বর্ণবাদী আচরণ করে, কিন্তু হয়তো তারা নিজেরাই সেটা বুঝতে পারে না। অনেক মন্তব্য বা দৃষ্টিভঙ্গি বর্ণবাদী, অথচ তারা সেটি টেরও পায় না।’

কেউ তাকে ‘ব্ল্যাক’ বললে তাতে আপত্তি নেই জানিয়ে ইয়ামাল বলেন, ‘কেউ যদি আমাকে ব্ল্যাক বলে, এতে আমার একদমই আপত্তি নেই। শেষ পর্যন্ত আমি ব্ল্যাকই, অন্য কোনো রঙের নই। বিষয়টি নির্ভর করে সেটা ভালোভাবে বলা হচ্ছে, নাকি খারাপভাবে, কিংবা আমাকে অপমান করার উদ্দেশ্যে বলা হচ্ছে কি না।’

ম্যাচ চলাকালে এমন মন্তব্যে খুব বেশি প্রতিক্রিয়া দেখান না বলেও জানিয়েছেন লামিনে। তিনি বলেন, ‘আমি যদি একটি ম্যাচ খেলি এবং কেউ আমাকে দেখার জন্য টিকিট কিনে থাকে, তাহলে শুধু আমাকে অসম্মান করেছে বলে আমি রেগে যাব না।’

স্পেনের ফুটবলে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি আলোচিত বর্ণবাদী ঘটনার পর স্টেডিয়ামে বর্ণবাদী আচরণ ঠেকাতে বিভিন্ন উদ্যোগ জোরদার করেছে লা লিগা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৬)








পাঠকের মতামত:

১৯ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test