E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৪:৪৩:৩৯
ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক : ফিফার শাসনব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার নিয়েও আলোচনায় বসতে প্রস্তুত সভাপতি ইনফান্তিনো।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। একই সঙ্গে ফিফার শাসনব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার নিয়েও আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

ফিফা কাউন্সিলের সদস্য ও ২১১টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো জানান, একটি স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে ফিফার কার্যক্রম পর্যালোচনা করে সম্ভাব্য উন্নতির সুপারিশ করা হবে। আগামী মাসে ফিফা কাউন্সিলের বৈঠকের আগে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনার প্রস্তাবও দিয়েছেন তিনি।

এই আলোচনায় ফিফা সভাপতির ভূমিকা, পাশাপাশি বড় কৌশলগত সিদ্ধান্তে স্বচ্ছতা, অংশগ্রহণ ও জবাবদিহিতা বাড়ানোর বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে।

সম্প্রতি ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ পরিকল্পনা নিয়ে চাপের মুখে পড়েন ইনফান্তিনো। ওই প্রস্তাবের আওতায় বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠনের কথা ছিল। সেই প্রতিষ্ঠানের ২১ শতাংশ অংশীদারিত্ব একটি বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা ছিল। তবে তীব্র প্রতিক্রিয়ার মুখে শেষ পর্যন্ত প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

নিজের চিঠিতে ইনফান্তিনো দাবি করেন, এফএফই পরিকল্পনায় ফিফার ক্রীড়া সংক্রান্ত নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব হস্তান্তরের কোনো বিষয় ছিল না। তার ভাষায়, পরিকল্পনাটি পূর্ণাঙ্গভাবে ফিফা কাউন্সিল ও সদস্য দেশগুলোর সামনে উপস্থাপনের আগেই জনসম্মুখে চলে আসায় বিভ্রান্তি তৈরি হয়েছিল।

ইনফান্তিনো আরও বলেন, ফিফার গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বাধীনতা ও ক্রীড়া সংক্রান্ত কর্তৃত্ব কখনোই বিক্রির জন্য ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না।

এদিকে ইউরোপের উয়েফা ও উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল কনফেডারেশন কনকাকাফ ফিফার নগদ রিজার্ভ থেকে ২১১ সদস্য দেশের প্রত্যেককে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি জানিয়েছে।

এফএফই পরিকল্পনা বাতিল হলেও ফুটবলের উন্নয়ন ও সদস্য দেশগুলোর জন্য সহায়তা বাড়ানোর লক্ষ্য থেকে সরে আসছেন না বলে জানিয়েছেন ইনফান্তিনো। তার মতে, বড় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য।

২০২৭ সালের মার্চে চতুর্থবারের মতো ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার কথা রয়েছে ইনফান্তিনোর। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিকল্প প্রার্থী খুঁজে বের করার জন্য আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সময় বাকি আছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২২, ২০২৬)


পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test