E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ

২০২৬ নভেম্বর ০৯ ০১:৪২:৪৩
ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সমীকরণটা ছিল সহজ, ভুটান হারলেই এক ম্যাচ হাতে রেখে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। তবে ম্যাচ ড্র হলেও শেষ চারে জায়গা করে নেবে স্বাগতিক বাংলাদেশ। শেষ পর্যন্ত নাটকীয় লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। তাতেই এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

রবিবার (৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও ভুটান। ইউরোপীয় ফুটবলে বেড়ে ওঠা একঝাঁক প্রবাসী ফুটবলারের সমন্বয়ে গড়া শ্রীলঙ্কা দলকে ঘিরে ম্যাচের আগে ছিল বাড়তি আগ্রহ।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শ্রীলঙ্কা। প্রথম ২২ মিনিটেই একাধিক সুযোগ তৈরি করে তারা। তবে গোলরক্ষক গিয়েলছেন জাংপোর দৃঢ়তায় গোলের দেখা পায়নি লঙ্কানরা।

উল্টো ৩৪ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এক মিনিট পরই দূরপাল্লার শটে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান অলিভার কেলার্ট। বিরতিতে যাওয়ার ঠিক আগে ৪৩ মিনিটে কেলার্টের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন আহমেদ ওয়াসিম রাজিক। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় শ্রীলঙ্কা।

দ্বিতীয়ার্ধেও দুই দলই গোলের চেষ্টা চালায়। তবে ম্যাচের ৭৬ মিনিটে গিয়েলছেনের গোলে সমতায় ফেরে ভুটান। এরপর জয়ের জন্য দুই দলই চেষ্টা করলেও আর কোনো গোল আসেনি। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ে বাংলাদেশের সেমিফাইনালের পথ নিশ্চিত হয়েছে। আর ড্র করায় ভুটানকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে। কারণ বাংলাদেশ শ্রীলঙ্কাকে দুই গোলের ব্যবধানে হারালে ভুটান সেমিফাইনাল খেলতে পারবে। শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ড্র করলেই গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল খেলতে পারবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি এখন গ্রুপসেরা নির্ধারণের লড়াইয়ে রূপ নিয়েছে।

(ওএস/এএস/নভেম্বর ০৯, ২০২৬)











পাঠকের মতামত:

০৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test