E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্পেনের ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল

২০২৬ নভেম্বর ১৫ ১৪:২১:২৩
স্পেনের ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ২৩ সদস্যের চূড়ান্ত দল উয়েফার কাছে জমা দিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। উয়েফা নেশনস লিগের এই ম্যাচে নির্ধারিত হবে গ্রুপসেরা দল।

পাশাপাশি রানার্সআপ দলকে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ খেলতে হবে প্রতিপক্ষের মাঠে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের ক্যাম্পে ২৮ জন ফুটবলার থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েছেন চারজন।
সপ্তাহজুড়ে দলের বেশ কয়েকজন ভাইরাসজনিত অসুস্থতায় আক্রান্ত হন। এর মধ্যে আলেহান্দ্রো গ্রিমালদোও ছিলেন।
সংক্রমণের কারণে গতকাল সন্ধ্যায় ক্যাম্প ছেড়ে যান তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখতে হবে আলভারো কারেরাস, হাকোবো রামোন, দে ফ্রুতোস ও রবার্তো ফার্নান্দেসকে।
এই চারজনের মধ্যে রয়েছেন দলের চতুর্থ গোলরক্ষক। শুরুতে দলে যোগ দিতে দাভিদ রায়ার সমস্যার কারণে তাকে ডাকা হয়েছিল। এ ছাড়া জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা কোমোর সেন্টারব্যাক হাকোবো রামোন এবং প্রাগের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া দুই ফরোয়ার্ড দে ফ্রুতোস ও রবার্তো ফার্নান্দেসও বাদ পড়েছেন।

তবে দল ঘোষণার পাশাপাশি আলোচনায় এসেছে জার্সি নম্বর। মিকেল ওইয়ারসাবাল ও লামিনে ইয়ামাল দলে ফেরায় প্রশ্ন ছিল, বার্সেলোনা ফরোয়ার্ড স্পেনের হয়ে নিয়মিত পরা ১৯ নম্বর জার্সি ছেড়ে ১০ নম্বর নেবেন কি না। দানি ওলমোর চোটে ফাঁকা হওয়া সেই জার্সিই এবার বেছে নিয়েছেন ইয়ামাল।

ফুটবলে ১০ নম্বর জার্সি ঐতিহ্য ও মর্যাদার প্রতীক। পেলে, দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, মিশেল প্লাতিনি, লুকা মদরিচ, জিনেদিন জিদান ও জিকোর মতো কিংবদন্তিরা এই নম্বরের জার্সি পরেছেন।

স্পেনের হয়ে অবশ্য এবারই প্রথম ১০ নম্বর জার্সি পরছেন না ইয়ামাল। ২০২৪ সালের অক্টোবরে দলের একাধিক খেলোয়াড়ের অনুপস্থিতিতে প্রথমবার এই নম্বর নিয়েছিলেন তিনি। মুর্সিয়ায় ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে ১০ নম্বর জার্সিতে খেলেছিলেন ইয়ামাল। জয়সূচক গোলটি করেছিলেন মার্তিন সুবিমেন্দি। তবে তিন দিন পর সার্বিয়ার বিপক্ষে কর্দোবার ম্যাচে পেশির সমস্যায় খেলতে পারেননি তিনি। ওই ম্যাচে ইয়ামালের বদলে ১০ নম্বর জার্সি পরেন রদ্রিগো রিকেলমে। স্পেন জিতেছিল ৩-০ গোলে।

স্পেনের হয়ে ১০ নম্বর জার্সির সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে আছে সেস ফাব্রেগাসের নাম। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত জাতীয় দলের সোনালি সময়ে এই জার্সি পরেছিলেন তিনি। ২০১৬ সালের সেপ্টেম্বরে হুলেন লোপেতেগি কোচের দায়িত্ব নেওয়ার পর জাতীয় দল ছাড়েন ফাব্রেগাস। এরপর বিভিন্ন সময়ে একাধিক খেলোয়াড়ের গায়ে উঠেছে ১০ নম্বর জার্সি।

ফাব্রেগাসের পর প্রথম এই নম্বর পরেন থিয়াগো আলকান্তারা। লুইস এনরিকের অধীনেও জার্সিটি তার দখলে ছিল। এরপর কাতার বিশ্বকাপে মার্কো আসেনসিও, সের্হিও কানালেস, কার্লোস সোলের, সের্হি রবার্তো, পেদ্রি ও দানি সেবায়োসসহ বেশ কয়েকজন এই নম্বর পরেছেন। দে লা ফুয়েন্তের অধীনে প্রথম ১০ নম্বর জার্সি পান সেবায়োস।

২০২৩ সালের সেপ্টেম্বরে জরুরি ভিত্তিতে দলে ডাক পেয়ে রিকেলমে ও ইয়েমেরি পিনোও এই জার্সি পরেছিলেন। চোটে পড়া খেলোয়াড়ের বিকল্প হিসেবে দলে এসে একই নম্বর পেয়েছিলেন ব্রায়ান সারাগোসাও। এ ছাড়া নিকো উইলিয়ামসও স্পেনের হয়ে ১০ নম্বর জার্সি পরেছেন। সর্বশেষ দানি ওলমোর দখলে ছিল জার্সিটি। এবার ইংল্যান্ডের বিপক্ষে সেটি গায়ে চাপাবেন ইয়ামাল।

(ওএস/এএস/নভেম্বর ১৫, ২০২৬)



পাঠকের মতামত:

১৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test