E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

২০২৬ নভেম্বর ১৬ ১৪:০০:৩২
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন জয় শাহ। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাচিত হয়েছেন তিনি। বালিতে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে তার পুনর্নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

দ্বিতীয় মেয়াদে জয় শাহর দায়িত্ব গ্রহণকে বিশ্ব ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বের ধারাবাহিকতা হিসেবে দেখছে আইসিসি বোর্ড। ক্রিকেটের বৈশ্বিক সম্প্রসারণ, দর্শকপ্রিয়তা বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোকে সামনে রেখে সংস্থাটির ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বোর্ড।

এদিকে দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য অলিম্পিকের আসরে ক্রিকেটের অন্তর্ভুক্তি খেলাটির বৈশ্বিক জনপ্রিয়তা ও প্রসারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করছে আইসিসি। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সূচি ও প্রতিযোগিতার পরিসর বাড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনাও ঘোষণা করেছে সংস্থাটি।

আইসিসি জানিয়েছে, ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করা, নারী ক্রিকেটের উন্নয়ন, সহযোগী সদস্য দেশগুলোর জন্য সুযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্রিকেটের স্বচ্ছতা ও সুরক্ষা নিশ্চিত করাই থাকবে তাদের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে খেলাটির দীর্ঘমেয়াদি উন্নয়নে টেকসই বাণিজ্যিক সম্ভাবনা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হবে।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন আমার জন্য যেমন গর্বের, তেমনি এটি একটি বড় দায়িত্ব। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করে যেতে চাই।’

ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমরা খেলাটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকদের কাছে খেলাটিকে পরিচিত করার এবং নতুন প্রজন্মকে ক্রিকেটের প্রতি আগ্রহী করে তোলার অসাধারণ সুযোগ তৈরি করবে।’

জয় শাহর মতে, শুধু সফল আয়োজন নিশ্চিত করাই আইসিসির দায়িত্ব নয় বরং দর্শক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার ও সংশ্লিষ্ট সব পক্ষকে গুরুত্ব দিয়ে ক্রিকেটের জন্য আরও শক্তিশালী এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি মানুষকে একত্রিত করার সক্ষমতা। বোর্ড ও সদস্য দেশগুলোর সহযোগিতায় পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্রিকেটের উন্নয়নের স্থায়ী ভিত্তি গড়ে তুলতে চান তিনি।

(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test