E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘শান্ত-হৃদয় হতে হলে মন দিয়ে খেলতে হবে’

২০২৬ নভেম্বর ২৮ ১৩:৫৫:৫৯
‘শান্ত-হৃদয় হতে হলে মন দিয়ে খেলতে হবে’

স্পোর্টস ডেস্ক : ‘ফোর্সফুলি কোনো কাজ হয় না। যা করবা, মন দিয়েই করবা। তোমাদের মধ্যে থেকে কেউ একজন তাওহিদ হৃদয় হতে পারে, শান্ত হতে পারে বা লিটন দাস হতে পারে।’ খুদে ক্রিকেটারদের উদ্দেশে এমন পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

দেশের খুদে ক্রিকেটারদের প্রতিভা খুঁজে বের করে পরিচর্যার মাধ্যমে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ‘স্ট্রাইকার ক্রিকেট ক্যাম্প ২০২৬’। শুক্রবার রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এই ক্যাম্প।
উদ্বোধন করেন বিসিবি সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বে এম্পোরিয়াম লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করছে খেলবেই বাংলাদেশ ও বনানী ডিওএইচএস পরিষদ।
উদ্বোধনী অনুষ্ঠানে তামিমের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত।

আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বে এম্পোরিয়াম লিমিটেডের পরিচালক আসিফুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুস্তাসিনুল বাকি, চিফ অপারেটিং অফিসার আখতার আজিজসহ সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে নিজের ক্রিকেটজীবনের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করেন তামিম। ওল্ড ডিওএইচএসের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। এই ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার পরই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। বনানী ডিওএইচএসের মাঠের স্মৃতিও তার কাছে বিশেষ।

সেই অভিজ্ঞতা থেকেই ক্লাবটির ক্রিকেট কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বিসিবি সভাপতি। তার আশা, সম্মিলিত উদ্যোগে আগামী এক-দুই বছরের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগে খেলবে ডিওএইচএস।

ক্যাম্পে অংশ নেওয়া শিশু-কিশোরদের উদ্দেশে তামিমের পরামর্শ, ক্রিকেট খেলতে হবে ভালোবেসে, মন থেকে। জোর করে কোনো কিছু অর্জন করা যায় না বলেও মনে করেন তিনি।

‘ফোর্সফুলি কোনো কাজ হয় না। যা করবা, মন দিয়েই করবা। তোমাদের মধ্যে থেকে কেউ একজন তাওহিদ হৃদয় হতে পারে বা শান্ত হতে পারে বা লিটন দাস হতে পারে।’

শুধু বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন পূরণে পরিশ্রম ও ইতিবাচক মানসিকতা ধরে রাখার ওপরও গুরুত্ব দেন তামিম।

ওল্ড ডিওএইচএসের মাঠের সঙ্গে নিজের ক্রিকেটজীবনের শুরুর স্মৃতি জড়িয়ে আছে খালেদ মাহমুদ সুজনেরও। এই মাঠের তরুণদের মধ্য থেকেই একদিন জাতীয় দলের ক্রিকেটার উঠে আসবে বলে আশাবাদী সাবেক এই অধিনায়ক।

‘এখানকার বাচ্চাদের মধ্য থেকেই একদিন কেউ না কেউ জাতীয় দলের জার্সি গায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।’

একই মাঠে নিজের ক্রিকেটজীবনের শুরু হয়েছিল বলে জানান হাসিবুল হোসেন শান্ত। ওল্ড ডিওএইচএসের হয়ে খেলার স্মৃতি তুলে ধরে তিনি তরুণদের সঠিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন। অভিজ্ঞ কোচদের কাছ থেকে শেখার পাশাপাশি নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের তৈরি করার পরামর্শ দেন সাবেক এই ক্রিকেটার।

২৭ নভেম্বর শুরু হওয়া ক্যাম্প চলবে আগামী বছরের ৯ জানুয়ারি পর্যন্ত। দেড় মাসের এই আয়োজনে থাকছে মোট আটটি সেশন। প্রতি শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত হবে অনুশীলন।

অংশগ্রহণকারীদের বয়স অনুযায়ী রাখা হয়েছে তিনটি বিভাগ: ৮ থেকে ১২ বছর বয়সী বালক, ১৩ থেকে ১৬ বছর বয়সী বালক এবং বালিকা।

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংসহ ক্রিকেটের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাভেদ ওমর বেলিম।

খুদে ক্রিকেটারদের মৌলিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরি করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য।

(ওএস/এএস/নভেম্বর ২৮, ২০২৬)








পাঠকের মতামত:

২৮ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test