E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সুস্থ-মাদকমুক্ত প্রজন্ম গড়তে খেলাধুলার প্রসার জরুরি’

২০২৬ নভেম্বর ২৯ ১৫:৪৭:১৫
‘সুস্থ-মাদকমুক্ত প্রজন্ম গড়তে খেলাধুলার প্রসার জরুরি’

স্টাফ রিপোর্টার : সুস্থ, কর্মক্ষম ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে দেশের সর্বস্তরে খেলাধুলা ও শরীরচর্চার প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ লক্ষ্যে এলাকাভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাবগুলো পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার ক্রীড়া ভবন মিলনায়তনে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন আয়োজিত ‘মিস্টার বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, সে সময় বর্তমান বডিবিল্ডিং ফেডারেশনের সভাপতি হাবিবুল্লাহ ডনের সঙ্গে তিনি নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চা করতেন। শরীরচর্চা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, ব্যক্তিজীবনে শৃঙ্খলা, অধ্যবসায়, আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শরীরগঠন প্রতিযোগিতায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। নারী ও পুরুষ উভয়ের জন্য শরীরচর্চা ও খেলাধুলার সমান সুযোগ এবং নিরাপদ পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, একসময় বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় এলাকাভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব ছিল। এসব ক্লাবের মাধ্যমে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতেন। সময়ের পরিবর্তনে সমাজের এই ঐতিহ্য অনেকাংশে হারিয়ে যাচ্ছে। সুস্থ ও প্রাণবন্ত সমাজ গঠনে ঐতিহ্যটি ফিরিয়ে আনা এবং এলাকাভিত্তিক ক্লাবগুলো সক্রিয় করা জরুরি।

জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের মধ্যে শারীরিক নিষ্ক্রিয়তা, অতিরিক্ত ওজন ও স্থূলতা এবং বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার অভ্যাস গড়ে তুললে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। তাই বডিবিল্ডিংসহ বিভিন্ন খেলাধুলার প্রসারকে ক্রীড়া উন্নয়নের পাশাপাশি রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য উন্নয়নের কৌশল হিসেবেও বিবেচনা করতে হবে।

তিনি আরো বলেন, তরুণ-তরুণীদের মধ্যে বিষণ্নতা, মানসিক চাপ, সামাজিক বিচ্ছিন্নতা ও মাদকাসক্তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা মানসিক সুস্থতা বাড়ানো, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, বরং শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করা। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করা গেলে সুস্থ ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলা সম্ভব।

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া খাতের উন্নয়নবিষয়ক রূপকল্প ও কর্মপরিকল্পনার সঙ্গে বডিবিল্ডিংসহ বিভিন্ন ধরনের খেলাধুলা ও শরীরচর্চার প্রসার সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। রোগ প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরে খেলাধুলার গুরুত্ব রয়েছে বলে জানান তিনি।

নিরাপদ ও বিজ্ঞানসম্মত শরীরচর্চা, সুষম পুষ্টি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন ড. জিয়াউদ্দিন হায়দার।

বডিবিল্ডিংকে দেশের সর্বস্তরে জনপ্রিয় করা, নারী-পুরুষের অংশগ্রহণ বাড়ানো এবং নতুন প্রজন্মকে শরীরচর্চায় উৎসাহিত করতে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সভাপতি মো. হাবিবুল্লাহ ডনের সভাপতিত্বে অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় পুরুষদের ৬৫, ৭০, ৭৫, ৮০ ও ৮৫ কেজি ওজন শ্রেণিতে শরীরগঠনবিদরা অংশ নেন। অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি বিভাগ থেকে একজন করে প্রতিযোগীকে নিজ নিজ ওজন শ্রেণিতে ‘মিস্টার বাংলাদেশ’ নির্বাচিত করা হয়।

(ওএস/এএস/নভেম্বর ২৯, ২০২৬)










পাঠকের মতামত:

২৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test