E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১ লাখ ডলার পর্যন্ত শিপিং ডকুমেন্ট সরাসরি আমদানিকারকের কাছে পাঠানো যাবে

২০২৬ মার্চ ১৭ ১৩:৪৬:২৯
১ লাখ ডলার পর্যন্ত শিপিং ডকুমেন্ট সরাসরি আমদানিকারকের কাছে পাঠানো যাবে

স্টাফ রিপোর্টার : দেশীয় রপ্তানিকারকদের জন্য নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সর্বোচ্চ এক লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো রপ্তানিকারকদের বিদেশি আমদানিকারক বা তাদের অনুমোদিত অন্য কোনো পক্ষের নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুত করার সুযোগ দিতে পারবে। একই সঙ্গে রপ্তানিকারকরা এসব ডকুমেন্ট সরাসরি আমদানিকারক বা তাদের মনোনীত প্রতিনিধির কাছে পাঠাতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের চাহিদা পূরণ এবং রপ্তানি কার্যক্রম আরও সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে বিদেশি আমদানিকারকরা নিজেদের নামে শিপিং ডকুমেন্ট ইস্যু করার অনুরোধ করেন, যাতে দ্রুত পণ্যছাড় করা সম্ভব হয়।

তবে এ সুবিধা দেওয়ার ক্ষেত্রে রপ্তানি আয় সময়মতো দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে সার্কুলারে প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থাও রাখা হয়েছে। এডি ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে যে সংশ্লিষ্ট চালানের বিপরীতে বৈধ রপ্তানি আদেশ রয়েছে এবং বিদেশি ক্রেতা বা কনসাইনির পরিচয় যথাযথভাবে যাচাই করা হয়েছে।

এদিকে খাত সংশ্লিষ্টরা কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নতুন এই ব্যবস্থা রপ্তানিকারকদের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে সহায়তা করবে এবং ক্রেতাদের শর্ত পূরণে আরও নমনীয়তা দেবে। একই সঙ্গে রপ্তানি আয় দেশে ফেরত আসার বিষয়টিও নিশ্চিত থাকবে।

(ওএস/এএস/মার্চ ১৭, ২০২৬)






পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test