E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফের কমেছে সোনার দাম

২০২৬ মে ২০ ১৪:৪০:২১
ফের কমেছে সোনার দাম

স্টাফ রিপোর্টার : স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমানোর পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানো হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার ৯৯ টাকা কমিয়ে দুই লাখ ২৫ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে নতুন দাম এক লাখ ৯৩ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

এদিকে সোনার দাম কমানোর পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৬ মে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম চার হাজার ৩৭৪ টাকা কমিয়ে দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম চার হাজার ১৪১ টাকা কমিয়ে দুই লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম তিন হাজার ৫৫৮ টাকা কমিয়ে এক লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৯১৬ টাকা কমিয়ে এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৩১ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৮৬ হাজার এক টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।

(ওএস/এএস/মে ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test