E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস

২০২৬ আগস্ট ১৭ ১৯:০৩:৪২
ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস

বিশেষ প্রতিনিধি : এমিরেটস এয়ারলাইনের পণ্য পরিবহন বিভাগ এমিরেটস স্কাইকার্গো সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রথম বাণিজ্যিক এআই-সক্ষম আর্থ অবজারভেশন স্যাটেলাইট আলতাইর-১ সফলভাবে পরিবহন করেছে। সম্প্রতি দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল বিমানবন্দর থেকে স্যাটেলাইটটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছে দেওয়া হয়। চলতি বছরের অক্টোবর মাসে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণের কথা রয়েছে বলে সোমবার (১৭ আগস্ট) দুপুরে এমিরেটসের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইউএই-ভিত্তিক প্রতিষ্ঠান অরবিটওয়ার্কস আলতাইর-১-এর নির্মাতা। এটি প্রতিষ্ঠানটির পরিকল্পিত ১০টি স্যাটেলাইটের কনস্টেলেশনের প্রথম স্যাটেলাইট। আলতাইর-১-এ অপটিক্যাল, ইনফ্রারেড, থার্মাল ও আরএফ সেন্সিং প্রযুক্তির পাশাপাশি অনবোর্ড কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযোজন করা হয়েছে।

স্যাটেলাইট কনস্টেলেশনটি পরিবেশ পর্যবেক্ষণ, দুর্যোগ মোকাবিলা, ভূমি ও উপকূলীয় এলাকার পরিবর্তন বিশ্লেষণ এবং সামুদ্রিক নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে অবকাঠামো মূল্যায়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় ফলাফল ও তথ্য সরবরাহ করা হবে।

মহাকাশযান ও অত্যাধুনিক প্রকৌশল সরঞ্জাম নিরাপদে পরিবহনে এমিরেটস স্কাইকার্গোর সক্ষমতারও প্রমাণ মিলেছে এ কার্যক্রমে। পুরো যাত্রাপথে কঠোর পরিবেশগত ও নিরাপত্তা মান বজায় রাখতে বিশেষজ্ঞ একটি দল শুরু থেকে শেষ পর্যন্ত পরিবহন প্রক্রিয়া তদারকি করে।

স্যাটেলাইট পরিবহনে এমিরেটস স্কাইকার্গোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি আরব স্যাটেলাইট ৮১৩ সাংহাইয়ের কাছাকাছি একটি উৎক্ষেপণস্থলে পৌঁছে দিয়েছে। এর আগে ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের প্রকৌশলীদের তৈরি প্রথম স্যাটেলাইট খলিফাস্যাট উৎক্ষেপণের জন্য দক্ষিণ কোরিয়ায় পরিবহন করেছিল এমিরেটস স্কাইকার্গো।

এমিরেটসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে তাদের এরোস্পেস ও ইঞ্জিনিয়ারিং বিভাগ বিশ্বজুড়ে ৬ হাজার টনেরও বেশি মহাকাশ ও উন্নত প্রকৌশল সরঞ্জাম পরিবহন করেছে।

(এসকেকে/এসপি/আগস্ট ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test