E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ক্যাশলেস বাংলাদেশ গড়তে ‘বাংলা কিউআর’ উদ্বোধন, লাগবে না কোনো ফি

২০২৬ অক্টোবর ০১ ১৪:১০:৫২
ক্যাশলেস বাংলাদেশ গড়তে ‘বাংলা কিউআর’ উদ্বোধন, লাগবে না কোনো ফি

স্টাফ রিপোর্টার : ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ কোডভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও কিউআর কোডভিত্তিক লেনদেন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যে কোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এ জন্য গ্রাহক বা ব্যবসায়ীকে কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না।

তিনি বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা কিংবা ছোট ব্যবসায়ীরাও যে কোনো ব্যাংক বা সার্ভিস প্রোভাইডারের অ্যাকাউন্টে সহজেই কিউআর কোড ব্যবহার করে টাকা গ্রহণ করতে পারবেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই ব্যবস্থা চালু হলে মানুষকে আর কষ্ট করে নগদ টাকা বহন করতে হবে না। একই সঙ্গে লেনদেন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে বাংলা কিউআর ব্যবহারে ছোটখাটো কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে, এসব সমস্যা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব। বিশ্বের বহু উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ হিসেবে এরই মধ্যে প্রমাণিত ও সফল হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকও আন্তর্জাতিক এই চর্চাকে দেশে সর্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে। ক্যাশলেস লেনদেনের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও ডিজিটাল ও আধুনিক করার সুযোগ তৈরি হবে।

দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তোলার সরকারি উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।

(ওএস/এএস/অক্টোবর ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০১ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test