E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৯ কোটি ২০ লাখ ডলার

২০২৬ নভেম্বর ১৬ ০০:৩৪:৪৭
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৯ কোটি ২০ লাখ ডলার

স্টাফ রিপোর্টার : চলতি নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২ হাজার ৪২ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ দশমিক ৬০ টাকা হিসাবে)।

রবিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে অর্থাৎ ২০২৫ সালের ১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৯০ লাখ ডলার।
সেই হিসাবে চলতি নভেম্বর মাসের প্রথম দুই সপ্তাহে প্রবাসী আয়ে ১৪ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে অর্থাৎ গত জুলাই থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩১৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।
আগের অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১৬২ কোটি ৮০ লাখ ডলার। ফলে অর্থবছরের এই সময় পর্যন্ত সামগ্রিক প্রবাসী আয়ে ১৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

প্রবাসী আয় ব্যবস্থাপনার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকা এবং হুন্ডি প্রবণতা কমে আসায় বৈধ পথে রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। বছরজুড়ে এই ইতিবাচক ধারা বজায় থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test