E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক

২০২৬ নভেম্বর ২৩ ১৫:২১:১৪
ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক

স্টাফ রিপোর্টার : ঢাকাকে আরও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বস্তি ও শহরের সবচেয়ে চ্যালেঞ্জপূর্ণ এলাকাগুলোর জীবনমান উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, কর্মসংস্থান ও জীবিকার সুযোগ বাড়ানো এবং পানি ও পরিবহনব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিতে চায় সংস্থাটি।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক শেষে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্য পেসমে এ কথা বলেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম নিয়েও সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। এসব এলাকায় ভৌত অবকাঠামো নির্মাণের পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো এবং মানুষের জীবিকার উন্নয়ন জরুরি।

তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার বিষয়ে সরকারের পরিকল্পনার কথাও আলোচনায় এসেছে। বিশেষ করে রাজধানীর যেসব এলাকায় বাসিন্দারা সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হন, সেসব এলাকার উন্নয়নে সরকার কী উদ্যোগ নিতে চায়, তা তুলে ধরেছেন মন্ত্রী।

বিশ্বব্যাংকের প্রতিনিধি বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে কোন ধরনের উদ্যোগ কার্যকর হয়েছে এবং কোনগুলো প্রত্যাশিত ফল দেয়নি, তা সরকারের সঙ্গে বিনিময় করা হয়েছে। তবে এসব অভিজ্ঞতা বাংলাদেশের বাস্তবতা ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকার বিশেষভাবে চ্যালেঞ্জপূর্ণ এলাকাগুলোর উন্নয়নে বিশ্বব্যাংক একটি পরীক্ষামূলক প্রকল্পের মডেল নিয়ে কাজ করছে। ছোট পরিসরে এ ধরনের উদ্যোগ শুরু করে কীভাবে নগরবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনা যায়, সেটিই প্রকল্পের মূল লক্ষ্য।

বিশ্বব্যাংক মনে করে, ঢাকাকে বাসযোগ্য করতে শুধু বস্তি উন্নয়ন নয়, সামগ্রিকভাবে পরিবহন ও পানি সরবরাহব্যবস্থার উন্নয়নও জরুরি। এ লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজ চালিয়ে যেতে আগ্রহী সংস্থাটি।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক বলেন, পরীক্ষামূলকভাবে ছোট পরিসরে কাজ শুরু করে কার্যকর মডেল তৈরি করা গেলে তা ভবিষ্যতে আরও বিস্তৃত করা সম্ভব হবে। এ উদ্যোগের মাধ্যমে শহরের বাসিন্দাদের জীবনযাত্রায় বাস্তব পরিবর্তন আনতে চায় বিশ্বব্যাংক।

বৈঠকে বিশ্বব্যাংকের নগর উন্নয়ন, সহনশীলতা ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্র্যাকটিস ম্যানেজার আবেদালরাজাক এফ খলিল, বাংলাদেশ ও ভুটানের কার্যক্রমবিষয়ক ব্যবস্থাপক, ড. গেইল এইচ মার্টিন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ভেরোনিক মেরি মরিন ফ্লোয়াসাক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আল আমিন ফয়সাল উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/নভেম্বর ২৩, ২০২৬)







পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test