E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’

২০২৬ নভেম্বর ২৪ ১৮:৪৫:১৫
‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’

স্টাফ রিপোর্টার : আমন মৌসুম সামনে রেখে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, মধ্যস্বত্বভোগী নয়, ধান সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে হবে।

কোনো মধ্যস্বত্বভোগী যেন কৃষকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু সভাপতিত্ব করেন।

খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভোক্তাদের কাছে যেন নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন মন্ত্রী। একই সঙ্গে তিনি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইন আরও কঠোর করা এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথা উল্লেখ করেন।

খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দকৃত চাল বিতরণে বিশৃঙ্খলা পরিহারের লক্ষ্যে সংশোধিত নীতিমালায় পূর্বের প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে ১ জন ডিলারের পরিবর্তে প্রতি ২৫০ জন উপকারভোগীর বিপরীতে ১ জন করে ডিলার নিয়োগের বিধান করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং তাদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল প্রাপ্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি শুরু হয়েছে এবং এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিকের কাছে সর্বোচ্চ ১০ কেজি চাল (প্রতি কেজি ৩০ টাকা দরে) বিক্রয় করা হচ্ছে বলে জানানো হয়। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি করা হচ্ছে বলেও বৈঠকে জানানো হয়।

বৈঠকে আরও জানানো হয়, দেশের খাদ্যগুদামগুলোর বর্তমান মজুত ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার মেট্রিক টন থেকে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে কমিটির পক্ষ থেকে বর্তমানে সারাদেশের খাদ্যগুদামসমূহের প্রকৃত চিত্র তুলে ধরার সুপারিশ করা হয়। যেসব খাদ্যগুদাম অনেক পুরনো এবং ব্যবহার উপযোগী নয় সেগুলো সরেজমিনে পরিদর্শনপূর্বক বাতিল করে প্রয়োজনে নতুন খাদ্যগুদাম স্থাপনের পরামর্শ দেওয়া হয়।

খাদ্যগুদামসমূহে পোকামাকড় নিয়ন্ত্রণ এবং ছত্রাক ঝুঁকি হ্রাসে সঠিক আর্দ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ এবং মেকানিকাল ভেন্টিলেশন সিস্টেম স্থাপনের বিষয়েও আলোচনা হয়। এছাড়াও খাদ্যগুদাম নির্মাণের ক্ষেত্রে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড স্ট্রাকচারে নির্মাণের বিষয়েও পর্যালোচনা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

কমিটির সভাপতি আব্দুস সালাম বলেন, বহু সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের অস্তিত্ব থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করে জনগণ, দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা দেন।

একই সঙ্গে তিনি কৃষক ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং তাদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে কমিটির অন্য সদস্যদের মধ্যে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, আবু তালেব মন্ডল, আব্দুল করিম ও শামছুন্নাহার বেগম এমপি উপস্থিত ছিলেন।

এছাড়াও বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের প্রধান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/নভেম্বর ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test