স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
ড. মাহরুফ চৌধুরী
বাংলায় একটা প্রবাদে আছে, ‘চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না’; অর্থাৎ যার পরিচয় সমাজে সুপ্রতিষ্ঠিত, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। লোকজ এই প্রবাদটির মধ্যে একটি গভীর সামাজিক ও দার্শনিক সত্য নিহিত আছে। মানুষের প্রকৃত মর্যাদা কোনো আনুষ্ঠানিক চিহ্ন বা প্রতীকের উপর নির্ভর করে না; বরং তা গড়ে ওঠে তার কর্ম, অবদান এবং মানুষের হৃদয়ে তার গ্রহণযোগ্যতার মাধ্যমে। সমাজে যাদের অবদান, মর্যাদা ও প্রভাব সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, তাদের স্বীকৃতি দিতে আনুষ্ঠানিকতার চেয়ে ইতিহাস ও জনমানসই বড় ভূমিকা রাখে। ইতিহাসের বিচারে বহু সময় দেখা যায়, রাষ্ট্রীয় স্বীকৃতি মানুষের প্রকৃত মর্যাদা অর্জনের অনেক পরে আসে। আবার কখনও কখনও তা আসে কেবল প্রতীকী আনুষ্ঠানিকতা হিসেবে। এই প্রবাদটি তাই মনে পড়ে যায় যখন আমরা রাষ্ট্রীয় পদক বা সম্মান প্রদানের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত দেখি, যা কখনো কখনো সম্মানের চেয়ে বেশি রাজনৈতিক প্রতীকের রূপ নেয়। সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, তা আমাদের রাষ্ট্রীয় সম্মাননা ও রাজনৈতিক সংস্কৃতির পুরাতন ধারারই পুনরাবৃত্তি এবং দলীয় সংকীর্ণ চিন্তাচেতনার বহির্প্রকাশ বলেই প্রতীয়মান হয়।
স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানগুলোর একটি। রাষ্ট্র সাধারণত এই পদক প্রদান করে সেইসব ব্যক্তিত্বকে, যাদের অবদান জাতির ইতিহাসে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকে এবং যাদের কর্ম ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। রাজনৈতিক তত্ত্বের ভাষায় রাষ্ট্রীয় সম্মাননা এক ধরনের ‘প্রতীকী পুঁজি’ (সিম্বলিক ক্যাপিটাল), যা সমাজে মূল্যবোধ ও আদর্শের মানদণ্ড নির্ধারণে ভূমিকা রাখে। এই পদকের উদ্দেশ্য কেবল ব্যক্তিকে সম্মান দেওয়া নয়; বরং সমাজে এমন আদর্শ তুলে ধরা, যা ভবিষ্যৎ প্রজন্মকে দেশ, জাতি ও মানবতার সেবায় উদ্বুদ্ধ করবে। কিন্তু প্রশ্ন তখনই ওঠে, যখন রাষ্ট্র এমন একজন ব্যক্তিত্বকে এই পদকে ভূষিত করে, যিনি ইতোমধ্যেই জনমানসে সুপ্রতিষ্ঠিত, সর্বজন স্বীকৃত এবং দলমত নির্বিশেষে দেশের অধিকাংশ মানুষের কাছে এক বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত। তখন তাঁর রাষ্ট্রীয় স্বীকৃতির প্রয়োজনীয়তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দেয়: এটি কি তাঁর প্রতি প্রকৃত সম্মান প্রদর্শণ, নাকি কেবল অপরিপক্ক চিন্তাপ্রসূত রাজনৈতিক প্রতীকায়নের আরেকটি প্রচেষ্টা?
বাস্তবতা হলো, কিছু ব্যক্তিত্ব আছেন যাঁদের পরিচয় রাষ্ট্রীয় পদকের গণ্ডি ছাড়িয়ে ইতিহাসের বৃহত্তর পরিসরে প্রতিষ্ঠিত হয়ে যায়। তাঁদের মর্যাদা গড়ে ওঠে মানুষের অনুভূতি, স্মৃতি ও অভিজ্ঞতার ভেতর দিয়ে। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও সেই বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। তাঁর জীবনের রাজনৈতিক সংগ্রাম, রাষ্ট্রীয় দায়িত্ব পালন এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ সময় ধরে সক্রিয় উপস্থিতি তাঁকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে, যা কেবল আনুষ্ঠানিক পদক বা ঘোষণার মাধ্যমে নির্ধারিত হয় না। সর্বশেষ তাঁর ঐতিহাসিক জানাযায় গণমানুষের অভূতপূর্ব উপস্থিতি প্রমাণ করে যে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও ঐতিহাসিক পরিচয় কোনো আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষায় নেই। বরং মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও শ্রদ্ধাই তাঁকে এমন এক উচ্চাসনে প্রতিষ্ঠিত করেছে, যেখানে রাষ্ট্রীয় পুরস্কার অনেক সময় অনিবার্য নয়, বরং অপ্রয়োজনীয় বলেই প্রতীয়মান হতে পারে। তাঁকে দলীয় সরকারের আমলে এই স্বাধীনতা পদক প্রদান দলীয় রাজনীতির আবরণে সবকিছুকে আবৃত করার অভিযোগে ভবিষ্যতে অভিযুক্ত হতে পারে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি নিজেই ইতিহাস রচনা করেছেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপরিচালনার দায়িত্বভার গ্রহণের মাধ্যমে। দীর্ঘ সময় ধরে তিনি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন এবং গণতান্ত্রিক প্রতিযোগিতা, রাজনৈতিক আন্দোলন ও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি নিজেকে একটি বৃহৎ রাজনৈতিক শক্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ফলে তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী নন; বরং হয়ে ওঠেন দেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের উত্থান-পতনের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্বে তাঁর উপস্থিতি ও ভূমিকা ছিল দৃশ্যমান। রাজনৈতিক সংগ্রাম, নির্বাচন, বিরোধী রাজনীতি এবং ক্ষমতায় থাকার অভিজ্ঞতা সব মিলিয়ে তিনি এমন এক রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, যার পরিচয় কেবল দলীয় সীমারেখায় সীমাবদ্ধ থাকেনি, বরং জাতীয় রাজনীতির বৃহত্তর ধারার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে পড়ে। এমন একজন ব্যক্তিত্বকে রাষ্ট্রীয় পদক দিয়ে সম্মানিত করার বিষয়টি তাই অনেকের কাছেই প্রশ্নের জন্ম দেয়: এটি কি সত্যিই সম্মান প্রদর্শনের আন্তরিক প্রয়াস, নাকি তাকে দলীয় রাজনীতির সংকীর্ণ ফ্রেমে আবদ্ধ করার একটি প্রচ্ছন্ন প্রচেষ্টা? কারণ কখনো কখনো রাষ্ট্রীয় পদক সম্মানের প্রতীক হলেও রাজনৈতিক বাস্তবতায় তা প্রতীকী নিয়ন্ত্রণের এক সূক্ষ্ম ভাষায় রূপ নিতে পারে।
রাজনৈতিক তত্ত্বের আলোকে রাষ্ট্রীয় সম্মাননার প্রশ্নটি নতুন নয়। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার (১৮৬৪-১৯২০) রাষ্ট্রীয় ক্ষমতার বৈধতার তিনটি উৎসের কথা বলেছেন। সেগুলো হল ঐতিহ্য, আইনগত কাঠামো এবং ব্যক্তিত্বের ক্যারিশমা। তাঁর বিশ্লেষণ অনুযায়ী, কোনো কোনো নেতা তাদের ব্যক্তিত্ব, সংগ্রাম ও রাজনৈতিক ভূমিকার মাধ্যমে এমন এক সামাজিক স্বীকৃতি অর্জন করেন, যা রাষ্ট্রীয় স্বীকৃতির ঊর্ধ্বে অবস্থান করে। এই ধরনের ক্যারিশম্যাটিক বৈধতা মূলত মানুষের বিশ্বাস, আবেগ ও ঐতিহাসিক স্মৃতির উপর প্রতিষ্ঠিত হয়। ইতিহাসে এর বহু উদাহরণ রয়েছে। যেমন উপনিবেশিক ভারতে অহিংস প্রতিরোধের নায়ক মোহনদাস করমচাঁদ গান্ধী (১৮৬৯–১৯৪৮) কখনো কোনো রাষ্ট্রীয় পদ বা উপাধি গ্রহণ করেননি, তবু তাঁর মানবিক ও নৈতিক মর্যাদা বিশ্বজুড়ে স্বীকৃত। একইভাবে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা নেলসন ম্যান্ডেলা (১৯১৮-২০১৩) তাঁর সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে এমন এক নৈতিক উচ্চতায় পৌঁছেছিলেন, যা কেবল রাষ্ট্রীয় সম্মানের মাধ্যমে পরিমাপ করা সম্ভব নয়। তেমনি আমাদের দেশের মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীও (১৮৮০–১৯৭৬) পদক কিংবা পদপদবীর ঊর্ধ্বে মানুষের মনে বিশেষ স্থান করে নিয়েছেন। ইতিহাস বারবার আমাদের দেখিয়েছে যে, কিছু ব্যক্তিত্বের প্রকৃত স্বীকৃতি রাষ্ট্রীয় ঘোষণায় নয়, বরং মানুষের স্মৃতি, শ্রদ্ধা ও রাজনৈতিক চেতনার গভীরে স্থায়ীভাবে লিপিবদ্ধ হয়ে থাকে। এই বাস্তবতা স্মরণে রাখলে রাজনৈতিক প্রজ্ঞার আলোকে রাষ্ট্রীয় সম্মাননার সীমা ও তাৎপর্য দুটিই নতুন করে ভাবার সুযোগ তৈরি হয়।
চলমান রাজনীতির এই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পদক দেওয়ার প্রশ্নটি মূলত রাজনৈতিক সংস্কৃতির। আমাদের সমাজে প্রায় সবকিছুকে দলীয় লেন্সে দেখার একটি প্রবণতা প্রায় অপ্রতিরুদ্ধ হয়ে উঠেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ইতিহাসের মূল্যায়ন, এমনকি জাতীয় পুরস্কারও অনেক সময় দলীয় রাজনৈতিক বিবেচনার বাইরে থাকতে পারে না। এর ফলে যে সম্মানটি হওয়া উচিত ছিল জাতির ঐকমত্যের প্রতীক, তা অনেক সময় হয়ে ওঠে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতাসীনরা প্রায়ই রাষ্ট্রীয় সম্মাননা ব্যবস্থাকে রাজনৈতিক আনুগত্য ও প্রভাবের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। একে কখনো বলা হয় ‘প্রতীকী রাজনীতি’ যেখানে রাষ্ট্রীয় প্রতীক, পদক বা স্বীকৃতিকে রাজনৈতিক বার্তা দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। রাজনৈতিক তত্ত্বের ভাষায় এটি ক্ষমতার একটি নরম কৌশল, যার মাধ্যমে শাসকগোষ্ঠী সমাজে নির্দিষ্ট রাজনৈতিক ধারার বয়ান প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু এর ফলে সম্মাননার নৈতিক শক্তি ক্ষীণ হয়ে যায় এবং সমাজে এর গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হয়। একটি রাষ্ট্রের জন্য এটি মোটেও শুভ লক্ষণ নয়, কারণ রাষ্ট্রীয় সম্মাননার মূল উদ্দেশ্য হচ্ছে গুণীজনের স্বীকৃতির মাধ্যমে জাতির ঐক্যকে দৃঢ় করা, বিভাজনকে বাড়ানো নয়। যখন একটি জাতীয় পদক রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে পরিণত হয়, তখন তা কেবল একজন ব্যক্তির সম্মানকে নয়, রাষ্ট্রীয় স্বীকৃতির বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলে।
বহুধা বিভক্ত বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এই প্রশ্নটি আরও জটিল ও গুরুত্বপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক সংঘাত, অবিশ্বাস এবং প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস আমাদের সমাজকে এমন এক অবস্থায় নিয়ে এসেছে, যেখানে ব্যক্তি বা ঘটনাকে প্রায়ই দলীয় পরিচয়ের আলোকে বিচার করা হয়। ফলে জনগণ নয়, রাষ্ট্র; রাষ্ট্র নয়, সরকার; সরকার নয়, দল এবং দল নয়, পরিবার বড় হয়ে ওঠে। এর ফলে জাতীয় ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও ঘটনার মূল্যায়ন নিরপেক্ষতার বদলে রাজনৈতিক পক্ষপাতের দ্বারা প্রভাবিত হয়। কিন্তু একটি পরিণত গণতন্ত্রে জাতীয় ব্যক্তিত্বদের মূল্যায়ন দলীয় সীমারেখা অতিক্রম করেই হওয়া উচিত। কারণ রাষ্ট্রের ইতিহাস কেবল কোনো একটি দলের নয়; তা পুরো জাতির সামষ্টিক অভিজ্ঞতা, সংগ্রাম ও স্মৃতির ফল। একটি জাতির রাজনৈতিক পরিপক্বতা তখনই প্রতিফলিত হয়, যখন সে তার ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের দলীয় পরিচয়ের গণ্ডি বাইরে রেখে বৃহত্তর জাতীয় পরিপ্রেক্ষিতে মূল্যায়ন করতে পারে।
বাংলাদেশ প্রশ্নে হিমালয়ের মতই অটল ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও বিষয়টি তাই হওয়া উচিত। তিনি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। তাঁর রাজনৈতিক জীবন নিয়ে বিতর্ক থাকতে পারে, সমালোচনা থাকতে পারে যেমনটি যেকোনো গণতান্ত্রিক রাজনীতিতে স্বাভাবিক। গণতন্ত্রের সৌন্দর্যই হলো মতভেদ, বিতর্ক এবং সমালোচনার মধ্য দিয়েই রাজনৈতিক ইতিহাস নির্মিত হয়। কিন্তু এটিও সত্য যে তিনি বাংলাদেশ প্রশ্নে আপোষহীন নেত্রী হিসেবে আপামর জনসাধারণের রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষার মূর্তপ্রতীক হয়ে উঠেছিলেন। বহু মানুষের কাছে তিনি শুধু একটি রাজনৈতিক দলের প্রধান নন; বরং একটি রাজনৈতিক অবস্থান, একটি সংগ্রামের স্মারক এবং একটি বিশ্বাসের প্রতীক। এই বাস্তবতাকে অস্বীকার করা যেমন সম্ভব নয়, তেমনি তাঁকে সংকীর্ণ দলীয় ব্যাখ্যার ভেতর বন্দি করাও ইতিহাসের প্রতি, এমনকি জাতির ইতিহাসে তাঁর অবদানের প্রতি সুবিচার করা হবে না। বরং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত সরকারের রাজনৈতিক প্রজ্ঞার দাবি হলো, কালোর্ত্তীণ এমন ব্যক্তিত্বদের মূল্যায়নে বিশেষ সংযম ও দূরদর্শিতা প্রদর্শন করা, যাতে তাদের মর্যাদা জাতীয় ঐকমত্যের উচ্চতায় অটুট থাকে এবং তারা দলীয় প্রতীকের সংকীর্ণতার মধ্যে আবদ্ধ না হয়ে ইতিহাসের বৃহত্তর প্রেক্ষাপটে অবস্থান করতে পারেন।
আলোচনার খাতিরেই রাষ্ট্রীয় পদক বা পুরস্কার দেওয়ার মূল দর্শন এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জার্মান বংশোদ্ভুত মার্কিন ইতিহাসবিদ ও রাজনৈতিক চিন্তক হানা আরেন্ট (১৯০৬–১৯৭৫) রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের আলোচনায় বলেছেন, রাষ্ট্রের নৈতিক কর্তৃত্ব তখনই শক্তিশালী হয়, যখন তা সমাজের সম্মিলিত নৈতিক চেতনাকে প্রতিফলিত করে। রাষ্ট্র কেবল প্রশাসনিক কাঠামো নয়; এটি মূলত একটি নৈতিক ও প্রতীকী প্রতিষ্ঠান, যা জাতির মূল্যবোধ, স্মৃতি এবং ঐতিহাসিক অভিজ্ঞতাকে ধারণ করে। সেই অর্থে রাষ্ট্রীয় সম্মাননাও তেমনি একটি বিষয় হিসেবে তখনই এটি প্রকৃত মর্যাদা লাভ করে, যখন তা জাতীয় ঐকমত্য ও সামাজিক স্বীকৃতির প্রতিফলন হয়ে ওঠে। অন্যথায় তা কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং অনেক সময় তার প্রতীকী অর্থও ক্ষীণ হয়ে যায়। কারণ সম্মান তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের স্বতঃস্ফূর্ত স্বীকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ থাকে; কেবল প্রশাসনিক ঘোষণার মাধ্যমে আরোপিত হলে তা অনেক সময় কাঙ্ক্ষিত মর্যাদা অর্জন করতে পারে না। এখানেই আবার শুরুতে উল্লেখিত প্রবাদটির কথা এসে যায়; ‘চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না’। লোকজ এই বোধটি মূলত সামাজিক স্বীকৃতির গভীর সত্যকে নির্দেশ করে।
বেগম খালেদা জিয়ার মতো অনন্য যে ব্যক্তিত্ব ইতিহাস ও মানুষের হৃদয়ে ইতোমধ্যেই সম্মানের আসনে অধিষ্ঠিত, তাকে নতুন করে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার চেয়ে বড় বিষয় হলো সেই মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা। রাষ্ট্রবিজ্ঞান ও সমাজমনোবিজ্ঞানের আলোচনায় প্রায়ই বলা হয়, কোনো কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব এমন এক প্রতীকী উচ্চতায় পৌঁছে যান, যেখানে তাদের মর্যাদা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার গণ্ডি অতিক্রম করে সামাজিক স্মৃতি ও জনগণের আবেগের ভেতর স্থায়ী হয়ে যায়। তখন তাদের প্রতি রাষ্ট্রের সর্বোত্তম সম্মান অনেক সময় নতুন কোনো পদক প্রদান নয়; বরং তাদের অবস্থানকে অযথা রাজনৈতিক প্রতীকের ভেতর আবদ্ধ না করা। পক্ষান্তরে, ইতিহাসের বাঁক পরিবর্তন হলে সেটা তাঁদের বক্তিত্বকে প্রশ্নবিদ্ধও করে তুললে পারে কেবল রাজনৈতিক প্রতিহিংসা কিংবা জিঘাংসা থেকে।
রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা, যেখানে জাতীয় ব্যক্তিত্বদের মূল্যায়ন দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে করা সম্ভব হয়। একটি পরিণত ও আত্মবিশ্বাসী সরকার রাষ্ট্রযন্ত্রের অধিকর্তা হিসেবে ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে অপ্রয়োজনীয় প্রতীকী রাজনীতি তথা প্রতীকী পুঁজি ব্যবহারের প্রতিযোগিতায় লিপ্ত হয় না; বরং তাদের মর্যাদাকে জাতির সম্মিলিত স্মৃতির অংশ হিসেবে সংরক্ষণ করে। কারণ রাষ্ট্রের শক্তি কেবল তার প্রতিষ্ঠান বা ক্ষমতার কাঠামোয় নয়, বরং তার রাজনৈতিক প্রজ্ঞা ও সাংস্কৃতিক পরিপক্বতার মধ্যেও নিহিত। সেই প্রজ্ঞাই নির্দেশ করে যাদের পরিচয় ইতিহাস ও মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে, তাদের মর্যাদা রক্ষার সবচেয়ে বড় উপায় কখনো কখনো নতুন স্বীকৃতি দেওয়া নয়, বরং তাদের সেই উচ্চ আসনকে অবিকৃত রাখার মধ্যেই নিহিত। আমাদের মনে রাখতে হবে যে, রাষ্ট্রীয় পদক বা সম্মাননা কেবল অতীতের অবদানকে স্বীকৃতি দেয় না; এটি ভবিষ্যতের জন্যও একটি নৈতিক বার্তা বহন করে।
রাষ্ট্র যখন কোনো ব্যক্তিত্বকে সম্মানিত করে, তখন প্রকৃতপক্ষে সে কেবল একজন মানুষকে পুরস্কৃত করে না, সে জাতির সামনে ন্যায় ও নিষ্ঠার একটি আদর্শও স্থাপন করে। রাজনৈতিক দর্শনের ভাষায় এটিকে বলা যায় একটি নৈতিক দিকনির্দেশনা, যা ভবিষ্যৎ প্রজন্মকে বলে দেয় কোন মূল্যবোধ, কোন ধরনের অবদান এবং কোন ধরনের নাগরিক দায়িত্বকে রাষ্ট্র সবচেয়ে বেশি মর্যাদা দিতে চায়। কিন্তু যদি সেই বার্তাটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়ে, তবে তা সমাজে অনুপ্রেরণার বদলে বিভ্রান্তিই সৃষ্টি করে। তখন রাষ্ট্রীয় সম্মাননা তার প্রেরণাদায়ী শক্তি হারিয়ে ফেলে এবং তা অনিচ্ছাকৃতভাবেই রাজনৈতিক বিতর্কের আরেকটি উপকরণে পরিণত হয়। এই কারণেই রাষ্ট্রীয় সম্মাননার ক্ষেত্রে প্রয়োজন প্রজ্ঞা, সংযম এবং সর্বোপরি ইতিহাসের প্রতি দায়বদ্ধতা। ইতিহাস কেবল ঘটনাপুঞ্জ নয়; এটি একটি জাতির আত্মপরিচয়ের ধারক। ফলে জাতীয় ব্যক্তিত্বদের মূল্যায়নের ক্ষেত্রে রাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তের মধ্যেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রতীকী শিক্ষা নিহিত থাকে। রাষ্ট্র যদি সেই সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা ও সংবেদনশীলতার পরিচয় দেয়, তবে তা জাতীয় ঐক্যকে শক্তিশালী ও সংহত করে; আর যদি তা দলীয় প্রতিদ্বন্দ্বিতার ছায়ায় আবৃত হয়, তবে তা বিভাজনকেই সুস্পষ্ট ও গভীরতর করে।
প্রকৃত অর্থে, একটি পরিণত জাতির লক্ষণ হলো সে তার ইতিহাস, ব্যক্তিত্ব ও মূল্যবোধকে দলীয় বিভাজনের বাইরে গিয়ে মূল্যায়ন করতে পারে। রাজনৈতিক সমাজবিজ্ঞানে এটিকে বলা হয় ঐতিহাসিক পরিপক্বতা যেখানে জাতি তার অতীতকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং সম্মিলিত স্মৃতি ও শিক্ষার ভিত্তি নির্মাণ করে। একটি জাতির ইতিহাস তখনই শক্তিশালী ভিত্তি হয়ে ওঠে, যখন তা কোনো একক রাজনৈতিক বয়ানের বন্দি না হয়ে বহুমাত্রিক অভিজ্ঞতা, সংগ্রাম ও অবদানের সমন্বিত প্রতিফলন হয়ে দাঁড়ায়। এই দৃষ্টিভঙ্গি কেবল ইতিহাসচর্চার জন্য নয়, রাষ্ট্রের নৈতিক কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্যও এই পরিণত বোধ অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব, পারস্পরিক অবিশ্বাস এবং দলীয় মেরুকরণের কারণে আমাদের জাতীয় জীবনের বহু গুরুত্বপূর্ণ বিষয় প্রায়ই বিতর্কের কেন্দ্রে পরিণত হয়। অথচ একটি রাষ্ট্র তখনই প্রকৃত অর্থে শক্তিশালী হয়ে ওঠে, যখন তার নাগরিকরা ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের দলীয় পরিচয়ের সংকীর্ণতার বাইরে দেখতে শেখে এবং তাদের অবদানকে বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে মূল্যায়ন করতে পারে। এই মানসিক পরিপক্বতাই একটি জাতিকে আত্মবিশ্বাসী করে তোলে এবং তার রাজনৈতিক সংস্কৃতিকে পরিণত করে।
আমাদের মনে রাখতে হবে যে, রাষ্ট্রের দায়িত্ব কেবল বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্মাননা প্রদান নয়; বরং এমন একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা, যেখানে জাতীয় ব্যক্তিত্বদের মর্যাদা অযথা রাজনৈতিক প্রতীকের লড়াইয়ের মধ্যে আবদ্ধ না হয়। কখনো কখনো গুণীজনদের সবচেয়ে বড় সম্মান প্রদর্শণ হলো নতুন কোনো স্বীকৃতি বা পদক প্রদান নয়, বরং ইতোমধ্যে প্রতিষ্ঠিত তাঁদের ব্যক্তিত্ব ও মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা। অন্যথায় আমরা হয়তো বারবার একই ভুলের পুনরাবৃত্তি করব, আর জাতীয় জীবনে সম্মানের জায়গাগুলোও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে পরিণত হবে যেখানে সম্মান নয়, বরং ব্যক্তিত্বের মর্যাদার প্রতীকের লড়াইই প্রধান হয়ে দাঁড়াবে। একটি প্রজ্ঞাবান ও পরিণত জাতির জন্য তাই প্রয়োজন সংযম, দূরদর্শিতা এবং ইতিহাসের প্রতি দায়বদ্ধতার প্রতি লক্ষ্য রাখা যাতে জাতীয় মর্যাদা সত্যিই জাতির ঐক্য ও সম্মিলিত চেতনার প্রতীক হয়ে উঠতে পারে।
লেখক : ভিজিটিং ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি অব রোহ্যাম্পটন, যুক্তরাজ্য।
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের বাছাই সম্পন্ন
- মোটরসাইকেলে ১০০ টাকার বেশী তেল জুটছে না বড়াইগ্রামে
- আশাশুনির হামকোড়া জেলেপাড়ায় কালী প্রতিমা ভাঙচুর, ৪ দিনেও ক্লু উদ্ধার হয়নি
- নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
- আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
- ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
- জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
- বৈধ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি, থমকে গেছে কর্ণফুলীর ড্রেজিং
- সুবর্ণচরে জোরপূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
- চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
- কাশিয়ানীতে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ বকনা বাছুর বিতরণ
- বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- ভালোগুলো মনে রেখে এগিয়ে যেতে চাই
- যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে?
- অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভূমিকা
- স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
- খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
- ‘রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করছে সরকার’
- জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে রুল
- ‘এই অর্জন আমার একার নয়’
- স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা
- রশিদের জায়গায় আফগানিস্তানের নতুন অধিনায়ক ইব্রাহিম
- সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- কাঠগড়ায় চলচ্চিত্র
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








