E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈদে মুক্তি পাচ্ছে নেপালি অভিনেতা প্রমোদের ‘হাঙর’

২০২৬ এপ্রিল ১০ ১৩:০৪:৩৪
ঈদে মুক্তি পাচ্ছে নেপালি অভিনেতা প্রমোদের ‘হাঙর’

বিনোদন ডেস্ক : উপকূলের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হাঙর’ নামের সিনেমা। বানিয়েছেন তন্ময় সূর্য। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। হাঙর দিয়ে বাংলাদেশি সিনেমায় অভিষেক হচ্ছে প্রমোদের। কোরবানির ঈদে

সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

২০১৩ সালে ‘উমা’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় প্রমোদের। এরপর দুই ডজনের বেশি নেপালি সিনেমায় দেখা গেছে তাকে। নায়ক হিসেবে অভিষেক হলেও পরবর্তী সময়ে নেতিবাচক চরিত্রে জনপ্রিয়তা পান প্রমোদ। বর্তমানে নেপালি ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত ভিলেন তিনি। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হোয়াইট সান’, ‘গ্যাংস্টার ব্লুজ’, ‘চিত্রা’, ‘অদৃশ্য’, ‘পিতাম্বর’, ‘অগস্ত্য চ্যাপ্টার ১’ ইত্যাদি।

প্রমোদ এবার নাম লেখালেন বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। প্রমোদ জানান, বাংলাদেশের সিনেমায় কাজ করে খুবই ভালো লেগেছে তার। ভবিষ্যতে নেপালের পাশাপাশি ঢালিউডেও নিয়মিত হতে চান তিনি।

সূর্য বলেন, “রোজার ঈদের ব্যস্ততা শেষ করে আমরা আবার কাজে ফিরেছি। কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে 'হাঙর'। আমরা প্রচারণা শুরু করেছি, পাশাপাশি শেষ মুহুর্তের প্রস্তুতির কাজও শেষ করছি। আশা করছি ঈদে দর্শক ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে ফিরবে।”

'হাঙর' প্রথমে রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও, সে সময় সিনেমার সংখ্যা বেশি হওয়ায় ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন পরিচালক।

চিত্রনাট্য নিয়ে সূর্য বলেন, "সমুদ্র, নদীবন্দর ও উপকূলীয় জনপদের পটভূমিতে নির্মিত এই সিনেমায় বাস্তবধর্মী গল্প তুলে ধরা হয়েছে। যেখানে রয়েছে অপরাধজগতের অন্ধকার দিক, ক্ষমতার লড়াই এবাং সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রাম।

“উপকূলের মানুষের জীবনে অনেক প্রতিবন্ধকতা থাকে। ক্ষমতাবানদের কাছে জিম্মি হয়ে পড়ে অনেক সময়। না চাইতেও অনেকে অপরাধের সঙ্গে জড়িয়ে যায়। সেই মানুষদের গল্পই দেখা যাবে হাঙর সিনেমায়।”

‘বাস্তবতা ও ভিজ্যুয়াল স্কেল ধরে রাখতে’ কুয়াকাটা ও বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে টানা ২২ দিন সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

“কুয়াকাটার সমুদ্র, জেলে পল্লী ও প্রাকৃতিক পরিবেশ চলচ্চিত্রটির গল্প ও আবহকে আরও শক্তিশালী করে তুলেছে।”

বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তাহমিনা অথৈ, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, এ কে আজাদ সেতু, শরিফুল, মাহফুজ মুন্নাসহ অনেকে। পরিচালনার পাশাপাশি হাঙরের চিত্রনাট্য লিখেছেন তন্ময় সূর্য। সিনেমাটি নির্মিত হয়েছে বিগশট ক্রিয়েশনের ব্যানারে।

সূর্য জানিয়েছেন, সিনেমাটির ট্রেইলার, গান ও অন্যান্য প্রচারমূলক কার্যক্রম শিগগিরই প্রকাশ করা হবে।

(ওএস/এএস/এপ্রিল ১০, ২০২৬)










পাঠকের মতামত:

১০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test