E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’

২০২৬ জুন ২৬ ১৩:৪৬:১২
বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’

বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’। এবার এটি আসছে অ্যানিমেশন চলচ্চিত্রের রূপে। ‘বাহুবলী: দ্য ইটারনাল ওয়ার - পার্ট ১’ নামের এই নতুন প্রকল্প নিয়ে বেশ আশাবাদী নির্মাতারা। তাদের বিশ্বাস, এটি শুধু ‘বাহুবলী’ ভক্তদের জন্য নতুন অভিজ্ঞতাই নয়, ভারতীয় অ্যানিমেশন শিল্পের জন্যও নতুন দিগন্ত খুলে দিতে পারে।

চলচ্চিত্রটির প্রযোজক শোবু ইয়ারলাগাড্ডা এবং পরিচালক ঈশান শুক্লা সম্প্রতি ফ্রান্সের আন্তর্জাতিক অ্যানিমেশন উৎসবে প্রকল্পটি নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন।

পরিচালক ঈশান শুক্লার মতে, ভারতে এখনো অ্যানিমেশন চলচ্চিত্র মূলধারার দর্শকদের পুরোপুরি আকৃষ্ট করতে পারেনি। তবে ‘বাহুবলী’র মতো জনপ্রিয় একটি গল্পের মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকদের অ্যানিমেশনের প্রতি আগ্রহী করে তোলা সম্ভব।

প্রযোজক শোবু ইয়ারলাগাড্ডা বলেন, ‘বাহুবলী’ শুধু একটি চলচ্চিত্র নয়, এটি একটি বিস্তৃত জগৎ। এই জগতের গল্প, চরিত্র ও কল্পনার পরিধি এতটাই বড় যে অ্যানিমেশনের মাধ্যমে তা আরও বিস্তৃতভাবে উপস্থাপন করা সম্ভব।

নির্মাতাদের মতে, ভারতীয় অ্যানিমেশন খাতের সবচেয়ে বড় বাধা প্রতিভার অভাব নয়, বরং পর্যাপ্ত বিনিয়োগের ঘাটতি। ভালো বাজেট ও আন্তর্জাতিক সহযোগিতা পেলে ভারতীয় অ্যানিমেশনও বিশ্বমানের কাজ উপহার দিতে পারে।

চলচ্চিত্রটির গল্প নির্মিত হয়েছে এক রহস্যময় পরজগতকে কেন্দ্র করে। নির্মাতাদের ভাষ্য, এমন কল্পনাপ্রবণ ও বিশাল পরিসরের গল্প বাস্তব অভিনয়ের চেয়ে অ্যানিমেশনেই বেশি কার্যকরভাবে তুলে ধরা সম্ভব। তাই এই নতুন প্রকল্পে তারা দৃশ্য ও কল্পনার সীমা আরও বিস্তৃত করেছেন।

দৃশ্য বিন্যাসের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিল্পনির্ভর উপস্থাপনায়। নির্মাতারা জানিয়েছেন, চলচ্চিত্রটির দৃশ্যগুলো অনেকটা চলমান চিত্রকর্মের মতো অনুভূতি দেবে। পাশাপাশি সংগীতেও থাকবে ভিন্নধর্মী সংমিশ্রণ, যা চলচ্চিত্রটির স্বতন্ত্র আবহ তৈরি করবে।

‘বাহুবলী’ মহাবিশ্বকে আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে নির্মাতাদের। ভবিষ্যতে ধারাবাহিক, গ্রাফিক উপন্যাস এবং ভিডিও গেমসহ বিভিন্ন মাধ্যমে এই জগতের গল্প তুলে ধরার সম্ভাবনার কথাও জানিয়েছেন তারা।

নির্মাতাদের আশা, ‘বাহুবলী: দ্য ইটারনাল ওয়ার’ শুধু একটি নতুন চলচ্চিত্র হিসেবেই নয়, ভারতীয় অ্যানিমেশন শিল্পের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

(ওএস/এএস/জুন ২৬, ২০২৬)




পাঠকের মতামত:

২৬ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test