E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গানে গানে নিউইয়র্ক মাতাবেন অভিনেতা অপূর্ব

২০২৬ জুলাই ২৩ ১৫:৫৩:৫৫
গানে গানে নিউইয়র্ক মাতাবেন অভিনেতা অপূর্ব

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বেশ ভালো গান করেন। সুযোগ পেলে যেকোনো আড্ডায় গিটার বাজিয়ে গানে মাতিয়ে রাখেন বন্ধুদের। স্টেজেও পারফর্ম করতে দেখা গেছে তাকে।

শুধু তাই নয়, টিভি নাটক ও টেলিফিল্মেও গান করেছেন অপূর্ব। এবার একক কনসার্টে গান শোনাবেন তিনি। তবে দেশে নয়, ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে।

সামাজিকমাধ্যমে কনসার্টের খবরটি নিশ্চিত করেন অপূর্ব নিজেই। ২৫ জুলাই নিউইয়র্ক সিটিতে বসবে অপূর্বর গানের আসর।

অনুষ্ঠানে প্রায় দুই ঘণ্টা গানে গানে দর্শক মাতাবেন তিনি। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে অপূর্বর একক গানের এই কনসার্টের ভেন্যু ও টিকিটের দাম।

কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অপূর্ব। ২০২১ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান তৃষাকে বিয়ের পর থেকে বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটান এই অভিনেতা। সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন তার স্ত্রী ও কন্যা।

সবশেষ সালেহ সোবহান অনীম পরিচালিত ‘হেডলাইন’ ওয়েব সিরিজে দেখা গেছে অপূর্বকে। এতে সাংবাদিক জহির চরিত্রে প্রশংসিত হয়েছে অপূর্বর অভিনয়। গেল জুনে মুক্তি পাওয়া হেডলাইন দিয়ে দুই বছর পর ওটিটিতে ফিরেছেন অপূর্ব। এর আগে ২০২৪ সালে ‘গোলাম মামুন’ নামের ওয়েব সিরিজে কাজ করেছিলেন।

জানা গেছে, দেশে ফিরে অপূর্ব শুরু করবেন ‘গোলাম মামুন ২’ সিরিজের কাজ। এবার সিরিজটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু।

(ওএস/এএস/জুলাই ২৩, ২০২৬)













পাঠকের মতামত:

২৩ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test