E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

২০২৬ আগস্ট ৩০ ১৫:৩৬:২৩
‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

বিনোদন ডেস্ক : ক্যাম্পাসের বাইরে ঘুরতে গিয়ে জার্মানির একটি অভিনব রিসোর্টের ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। কিন্তু সেই ভিডিওর মন্তব্য ঘিরেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিল্পীদের প্রতি কুরুচিপূর্ণ আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন প্রিয়ন্তী উর্বী। জার্মানিতে ঘুরতে গিয়ে একটি বিশেষ রিসোর্টে উঠেছিলেন তিনি ও তার সফরসঙ্গীরা। জাহাজের কনটেইনারকে দৃষ্টিনন্দন থাকার জায়গায় রূপান্তর করা সেই রিসোর্টের অভিজ্ঞতাই ভিডিওতে তুলে ধরেন অভিনেত্রী।

তবে, ভ্রমণের এই আনন্দের মুহূর্ত বেশিক্ষণ স্বস্তির থাকেনি। ভিডিওটির মন্তব্যের ঘরে প্রিয়ন্তীর পোশাক ও শরীর নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করতে থাকেন অনেকে। বিষয়টি নিয়ে শনিবার (২৯ আগস্ট) ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি।

প্রিয়ন্তী বলেন, “কিছূ মানুষের মন্তব্য পড়ে আমি সত্যি খুব অস্বস্তিতে পড়েছি। একটা মেয়ের শরীর, পোশাক, ব্যক্তিগত জীবন নিয়ে এত নোংরা ভাষায় কথা বলার মধ্যে মানুষ কী আনন্দ খুঁজে পায়, আমি জানি না। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার শরীর, আমার পোশাক, আমার ফেসবুক প্রোফাইল এসব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই। ভালো না লাগলে দেখবেন না, পছন্দ না হলে আনফলো করবেন।”

আপত্তিকর মন্তব্যগুলোর স্ক্রিনশটও সংগ্রহ করেছেন অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি এসব মন্তব্যের স্ক্রিনশট নিয়ে একে একে সবাইকে করলাম। যারা এসব লিখছেন, তাদের পরিবার, স্ত্রী, প্রেমিকা কিংবা কাছের মানুষদের কাছেও এসব স্ক্রিনশট পাঠানোর কথা আমার মাথায় এসেছে। কারণ অনেক সময় মানুষ নিজের মা-বোন-স্ত্রীকে সামনে রেখে যে ভাষায় কথা বলে না, সোশ্যাল মিডিয়াতে অন্য একটা মেয়েকে নিয়ে সেই ভাষাই ব্যবহার করে।”

নারীদের প্রতি এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলে উর্বী লেখেন, “এই দেশের মেয়েদের ভবিষ্যৎ কী? আমরা আমাদের ছেলে-মেয়েদের কী শেখাচ্ছি? যাদের অনেকেই স্কুল-কলেজে পড়ে, তাদের কাছ থেকে যদি একজন মেয়েকে নিয়ে এমন ভাষা শুনতে হয়, তাহলে সত্যিই ভয় লাগে।”

পরিস্থিতি নিয়ে নিজের অসহায়ত্বের কথাও জানান অভিনেত্রী। তিনি লিখেছেন, “মাঝে মাঝে সত্যিই মনে হয়, জন্মের আগে আমি কী এমন পাপ করেছিলাম যে, আমার জন্ম বাংলাদেশে হলো? কথাটা হয়তো রাগ আর কষ্ট থেকে বলছি, কিন্তু কিছু মন্তব্য পড়ে নিজের দেশ আর সমাজ নিয়ে খুব অসহায় লাগে। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত দিন এবং আমাকে কখনো তাদের মতো হওয়ার থেকে রক্ষা করুন। কারণ এসব মন্তব্য পড়তে আমার নিজেরই লজ্জা লাগে, ঘৃণা লাগে, খুব অস্বস্তি লাগে।”

সবশেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের স্বাধীনতার বিষয়টি স্পষ্ট করে প্রিয়ন্তী বলেন, “আমার ফেসবুকে আমি কী পোস্ট করব, সেটা আমার সিদ্ধান্ত। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না। এতটুকু সম্মান আমি আশা করি। সত্যি বলতে, এমন ভক্ত বা ফলোয়ার আমার দরকার নেই, যারা আমাকে ফলো করবে শুধু আমার শরীর, পোশাক বা ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য। এমন ফলোয়ার থাকার চেয়ে না থাকাই আমার কাছে ভালো।”

প্রিয়ন্তীর এই বক্তব্যে উঠে এসেছে শুধু তার ব্যক্তিগত ক্ষোভ নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিল্পীদের নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্যের মুখোমুখি হওয়ার বাস্তবতাও। নিজের অভিজ্ঞতা ভাগ করে তিনি অন্তত একটি জায়গায় সীমারেখাটিও টেনে দিয়েছেন—কেউ তার কনটেন্ট পছন্দ না করলে সেটি এড়িয়ে যাওয়ার অধিকার তার আছে, কিন্তু ব্যক্তিগত আক্রমণের নয়।

প্রসঙ্গত, ২০২১ সালে অভিনয়ে অভিষেক হয় প্রিয়ন্তী উর্বীর। এরপর কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে পরিচিতি পান তিনি। সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘বকুলের বুকে রক্তকরবী’।

(ওএস/এএস/আগস্ট ৩০, ২০২৬)









পাঠকের মতামত:

৩০ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test