E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ছেলেদের সাত খুন মাফ, মেয়েদের এক ভুলেই সর্বনাশ’

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৪:১৬:১৩
‘ছেলেদের সাত খুন মাফ, মেয়েদের এক ভুলেই সর্বনাশ’

বিনোদন ডেস্ক : নিজের মনের কথা রাখঢাক না করে বলতে বরাবরই স্বচ্ছন্দ তাপসী পান্নু। অভিনয়ের পাশাপাশি ইন্ডাস্ট্রির নানা বৈষম্য নিয়েও মাঝেমধ্যে সরব হতে দেখা যায় তাকে। এবার নারীকেন্দ্রিক অ্যাকশন সিনেমা নিয়ে প্রচলিত দ্বিচারিতার বিরুদ্ধে মুখ খুললেন এই অভিনেত্রী।

তাপসীর অভিযোগ, পুরুষ তারকাদের অ্যাকশন সিনেমায় গল্প দুর্বল হলেও দর্শকের হাততালি থামে না।

অথচ একই ধরনের সিনেমায় কোনো নারীকে অ্যাকশন করতে দেখলেই শুরু হয় খুঁত ধরার প্রতিযোগিতা। মেয়েদের ক্ষেত্রে যেন সামান্য ভুলেরও ক্ষমা নেই।

‘বেবি’ ও ‘নাম শাবানা’র প্রায় এক দশক পর আবারও পুরোদস্তুর অ্যাকশন অবতারে ফিরছেন তাপসী। আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘গান্ধারী’।

সিনেমাটি মুক্তির প্রাক্কালে নারীকেন্দ্রিক অ্যাকশন সিনেমার সংকট এবং ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন অভিনেত্রী।

তাপসীর মতে, বড় পর্দা কিংবা ওটিটি- দুই মাধ্যমেই তিনি অ্যাকশন করেছেন। কিন্তু নারীকেন্দ্রিক অ্যাকশন সিনেমা নির্মাণের পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো বাজেট।

তিনি বলেন, অ্যাকশন সিনেমা নির্মাণে বিপুল অর্থের প্রয়োজন হয়। অথচ মেয়েদের কেন্দ্র করে তৈরি সিনেমায় প্রযোজকেরা তুলনামূলকভাবে কম অর্থ বিনিয়োগ করতে চান। কারণ তাদের ধারণা, এসব সিনেমার দর্শকসংখ্যা পুরুষ তারকাদের সিনেমার মতো হয় না।

তার ভাষায়, বিষয়টি বারবার পরীক্ষা করে প্রমাণিত হয়েছে বলেই নির্মাতাদের বিনিয়োগের ক্ষেত্রেও একধরনের দ্বিধা কাজ করে।

শুধু বাজেটের বৈষম্যই নয়, দর্শকের প্রত্যাশার পার্থক্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাপসী। তার কথায়, পুরুষ তারকাদের অ্যাকশন সিনেমার সঙ্গে নারীকেন্দ্রিক অ্যাকশন সিনেমার তুলনা করলেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। অনেক পুরুষকেন্দ্রিক সিনেমাতে গল্প খুব একটা শক্তিশালী না হলেও চোখধাঁধানো অ্যাকশন, গ্ল্যামার আর বড় আয়োজন দর্শককে হলে টেনে নেয়। গল্পের পরিণতি আগে থেকে অনুমান করা গেলেও সেসব সিনেমাকে অনেকে ‘পয়সা উসুল এন্টারটেইনার’ হিসেবে গ্রহণ করেন।

কিন্তু একই দর্শক যখন কোনো নারীকে অ্যাকশন করতে দেখেন, তখন চিত্রটা বদলে যায়। তাপসী বলেন, মেয়েদের অ্যাকশন সিনেমায় গল্প, অভিনয়, অ্যাকশন- সবকিছুতেই যেন একশোয় একশো পেতে হয়। উনিশ-বিশ হলেই শুরু হয় সমালোচনা।

পুরুষ ও নারী তারকাদের সিনেমা বিচারের এই ভিন্ন মানদণ্ডই সবচেয়ে বেশি ভাবায় তাপসীকে। কারও নাম উল্লেখ না করে সাম্প্রতিক পুরুষকেন্দ্রিক অ্যাকশন সিনেমার উদাহরণ টেনে তিনি বলেন, মাঝারি মানের গল্প, পরিচিত ছক, ঝলমলে অ্যাকশন আর বিপুল আয়োজন থাকা সত্ত্বেও এসব সিনেমা বক্স অফিসে কোটি কোটি টাকা আয় করে।

অন্যদিকে নারীকেন্দ্রিকের ক্ষেত্রে সামান্য দুর্বলতাও যেন পুরো সিনেমার বিরুদ্ধে রায় দেওয়ার কারণ হয়ে দাঁড়ায়।

তাপসীর ভাষায়, এক তো তোমাকে কম টাকা দিয়েছি, তার ওপর তুমি ভুল করছ! কিন্তু ছেলেদের অ্যাকশন সিনেমা হলে যেন সাত খুন মাফ।

এমন এক বাস্তবতার মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে তাপসীর নতুন সিনেমা ‘গান্ধারী’। আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।

তাপসী পান্নু ছাড়াও এতে অভিনয় করেছেন ইশওয়াক সিং, ছায়া কদম, মিতা বশিষ্ট ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২৬)







পাঠকের মতামত:

০৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test