E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১৫:৫০:১১
ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন

বিনোদন ডেস্ক : ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইতালি প্রবাসী আওয়ামী লীগের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী। 

আজমেরী হক বাঁধন তার ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দেন। পাশাপাশি তার ওপরে আক্রমণের বেশ কিছু ভিডিও শেয়ার করেন। একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক বাঁধনের দিকে তেড়ে যান। তার শরীরে পানি ছুড়ে দেন। একজন বাঁধনকে থাপ্পড় মারেন এবং তার হাতের ফোন ফেলে দেন। তাদের কয়েকজন বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেন।

ফেসবুক লাইভে আজমেরী হক বাঁধন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আমি আমার ভাই ও তার স্ত্রী-সন্তানের সঙ্গে পার্কে ঘুরতে গিয়েছিলাম। সেখানে অনেকজন বাঙালি ভাইয়েরা এসে আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। আমার সাথে আমার ভাইয়ের ছোট বাচ্চাটাও ছিল। তারা আমার গায়েও হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানে আঘাত করেছে।”

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার কারণে আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। বাঁধন বলেন, “আক্রমণকারীরা বলেছে—‘আমি জুলাই যোদ্ধা’। ইয়েস আই অ্যাম। আমি অবশ্যই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি। তারা বলেছে, তারা বঙ্গবন্ধুর সৈনিক। তারা আমাকে জোর করে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলতে বলেছে। এসব ঘটনা তারা লাইভ করেছে, ভিডিও করেছে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে।”

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে ইতালি গিয়েছেন আজমেরী হক বাঁধন। তা স্মরণ করে আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে বাঁধন বলেন, “আওয়ামী লীগের যেসব কর্মী জানেন না, তাদের জন্য বলছি। বাংলাদেশে থেকে যে সিনেমা নিয়ে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে এসেছি, সেই সিনেমার পরিচালক হচ্ছেন—রুবাইয়াত হোসেন। যার বাবা আপনাদের (আওয়ামী লীগ) সম্মানিত একজন মন্ত্রী ছিলেন। জুলাইয়ের পর আমি রুবাইয়াত হোসেনের সঙ্গে কাজ করেছি। আপনারা একটু খবর নিয়ে দেখবেন।”

আওয়ামী লীগের কর্মীদের পরামর্শ দিয়ে আজমেরী হক বাঁধন বলেন, “আপনারা আমার সঙ্গে যে কাজটি করেছেন, সেখান থেকে আপনাদের বের হয়ে আসা উচিত ছিল। কিন্তু আপনারা সেটা করতে পারেন নাই। আপনারা ভেবেছেন এগুলো করেই আপনারা আবার আপনাদের জায়গা সুগঠিত করতে পারবেন। কিন্তু সেটা আমার মনে হচ্ছে না। দলটির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের এসব বিষয়ে সংশোধন হওয়া উচিত। কারণ একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ না। এটা আপনারা মনে রাখবেন।”

আজমেরী হক বাঁধনকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। তা উল্লেখ করে তিনি বলেন, “আজকের ঘটনার সময়ে আমার মনে হয়েছে, ওরা আমাকে মেরেও ফেলতে পারে। আমি যে হোটেলে উঠেছি, তার পাশেই পার্ক। সেখানে আমার ভাইয়ের পরিবার নিয়ে হাঁটতে গিয়েছিলাম। ভাইয়ের বাচ্চার বয়স চার বছরও হয় নাই। আমার ওপরে যখন আক্রমণ করা হয়, তখন সে চিৎকার করে কান্না করছিল, আর তারা উল্লাস করছিল; আমাকে খা** মা** বলছিল। এই শব্দগুলো বলতে তারা সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করে। আপনাদের এই আচরণের জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ আজকের ঘটনা পুরো পৃথিবী জানবে। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে আসা একজন অভিনেত্রীকে আপনারা হেনস্তা করেছেন।”

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথাও উল্লেখ করেন বাঁধন। তিনি বলেন, “সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন বলে জেনেছি। তার কাছে ঘটনাটি পৌঁছে দেওয়া হোক। সজীব ওয়াজেদ জয় যেহেতু এখানে আছেন, তাহলে উনার সঙ্গে আমার একটা মিটিং হয়ে যাক।”

ন্যাক্কারজনক এ ঘটনার সময়ে স্থানীয় পুলিশের সাহায্য নেন আজমেরী হক বাঁধন। তা জানিয়ে তিনি বলেন, “পুলিশকে ফোন করার সাথে সাথে তারা ঘটনাস্থলে আসে। এখানকার পুলিশ আমাকে অনেক সাহায্য করেছে। যেহেতু নিরাপত্তার ইস্যু ছিল, সেহেতু তারা আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। ওখান থেকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যায়। আমি সেখানেই আছি।”

হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবেন আজমেরী হক বাঁধন। এ বিষয়ে তিনি বলেন, “মামলা করার জন্য আগামীকাল থানায় যাব। আমার কাছে সব ধরনের প্রমাণ রয়েছে। আমি নিজে ভিডিও করেছি, হামলাকারীরাও ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সেসব ভিডিওতে তাদের চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমরা ছাত্রলীগ করি, আওয়ামী লীগ করি, আমরা বঙ্গবন্ধুর সৈনিক—গর্বের সঙ্গে এসব লিখে তারা পোস্ট করেছে।”

ইতালিতে অবস্থিত বাংলাদেশি অ্যাম্বাসি থেকে বাঁধনের সঙ্গে যোগাযোগ করেছে। তা স্মরণ করে তিনি বলেন, “আমাদের সরকারের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতালিতে বাংলাদেশের যে অ্যাম্বাসি রয়েছে, সেখান থেকেও যোগাযোগ করা হয়েছে। তারা আমাকে সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত।”

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৮, ২০২৬)




পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test