E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আশির দশকের লুকে মেতেছেন তারকারা

২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৪:৩০:৫৪
আশির দশকের লুকে মেতেছেন তারকারা

বিনোদন ডেস্ক : আশির দশক তারা দেখেননি, কিন্তু ছবিতে ঠিকই ফিরে গেছেন সেই সময়ে! কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারসাজিতে বর্তমানের তারকারা এখন হয়ে উঠছেন চার দশক আগের রেট্রো যুগের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ট্রেন্ডে একে একে যোগ দিচ্ছেন দেশের জনপ্রিয় তারকারাও।

সময় বদলেছে, বদলেছে পোশাক, সাজসজ্জা ও ছবির ধরন। কিন্তু, পুরোনো দিনের প্রতি মানুষের টান যেন কমেনি। বরং এআই প্রযুক্তি সেই নস্টালজিয়াকে নতুন করে সামনে আনার সুযোগ করে দিয়েছে। বর্তমানের ছবি এআইয়ের মাধ্যমে বদলে আশির দশকের আবহে নিজেকে কেমন লাগত, সেটিই এখন দেখে নিচ্ছেন নেটিজেনরা।

এই ট্রেন্ডে অংশ নিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। নিজের রেট্রো লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, “ট্রেন্ড”। প্রকাশের পরপরই ছবিটি নজর কাড়ে ভক্তদের।

পিছিয়ে নেই চিত্রনায়িকা তমা মির্জাও। আশির দশকের সাজে নিজের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “ট্রেন্ড অনুসরণ করছি।”

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবও যেন ফিরে গেছেন সেই সময়ের কোনো এক বিকেলে। রেট্রো লুকে নিজের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “আশির দশকের কোনো এক বিকেল থেকে।”

এই ট্রেন্ডে নিজের উপস্থিতি জানান দিয়েছেন অভিনেত্রী সাফা কবীরও। আশির দশকের আবহে তৈরি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “আশির দশকের উন্মাদনা এখন পুরো ইন্টারনেটজুড়ে, আর চরকি বিষয়টিকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে! আশির দশকের লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?”

সাফার পোস্টে মন্তব্য করেছেন তাসনিয়া ফারিণ। তিনি লিখেছেন, “ভালোই হতো।”

সংগীতশিল্পী পড়শীও এআইয়ের সাহায্যে নিজেকে কল্পনা করেছেন চার দশক আগের সময়ে। নিজের ছবি প্রকাশ করে তার ভাষ্য, “১৯৮০ সালে যদি থাকতাম, তাহলে মনে হয় এমন থাকতাম।”

অন্যদিকে, গায়ক প্রতীক হাসান এই রেট্রো আবহে পরিবারের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, “পারফেক্ট”।

তবে, এই ট্রেন্ডে শুধু লুক বদলে নেওয়াই নয়, পোশাক নিয়েও মজার পর্যবেক্ষণ এসেছে। অভিনেতা ইরফান সাজ্জাদ এআই দিয়ে তৈরি নিজের ছবি পোস্ট করে লিখেছেন, “কিন্তু আমার কথা হল ওই আমলে কি সবার একই জ্যাকেট ছিল? ছেলে মেয়ে সবাইকে দেখি সেম জ্যাকেট পড়াচ্ছে।”

অভিনেত্রী স্পর্শিয়াও এই নস্টালজিক ঢেউয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। রেট্রো ট্রেন্ড নিয়ে তিনি লিখেছেন, “80s”।

সব মিলিয়ে এআইয়ের হাত ধরে আশির দশক এখন যেন আবারো জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তারকাদের রেট্রো লুক যেমন ভক্তদের কৌতূহল বাড়াচ্ছে, তেমনি তৈরি করছে পুরোনো সময়ের প্রতি এক ধরনের নস্টালজিক অনুভূতিও। চার দশক আগের সেই সাজ, পোশাক আর ছবির আবহ—সব মিলিয়ে তারকারা যেন নিজেদেরই নতুন এক সংস্করণ আবিষ্কার করছেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৯, ২০২৬)




পাঠকের মতামত:

০৯ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test