E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘অবশ্যই বিয়ে করব, তবে এটা হুট করেই হয়ে যাবে’

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৫:১৮:৩৯
‘অবশ্যই বিয়ে করব, তবে এটা হুট করেই হয়ে যাবে’

বিনোদন ডেস্ক : ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘মেহেরীন’ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। ফলে শোবিজ অঙ্গনের অন্যতম চর্চিত অভিনেত্রীও তিনি। চলতি বছরে একাধিকবার তার প্রেম-বিয়ে নিয়ে নানা চর্চা হয়েছে। সেসব উড়িয়েও দিয়েছেন এই অভিনেত্রী। ফের বিয়ে নিয়ে কথা বললেন কেয়া পায়েল।  

টিভি নাটক-টেলিফিল্মের পাশাপাশি ওয়েব ফিল্মেও নাম লিখিয়েছেন কেয়া পায়েল। তার প্রথম ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। এতে আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে এটি। এটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম।

ওয়েব ফিল্মটি মুক্তির ঘোষণা দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে। মন্তব্যের ঘরে নেটিজেনদের অনেকে মজারছলে জানতে চেয়েছেন—অভিনেত্রী কেয়া পায়েল সত্যি সত্যি কবে ‘হ্যাপিলি ম্যারিড’। প্রযোজনা প্রতিষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

কেয়া পায়েল বলেন, “অবশ্যই বিয়ে করব। তবে আমি ভাগ্যে বিশ্বাসী। দেখা যাক, কবে এটা হয়। যখন ভাগ্যে লেখা আছে, তখনই হবে এবং সবাই সেটা জানতে পারবেন। কিন্তু আমার কেন যেন মনে হয়, এটা হুট করেই হয়ে যাবে।”

কয়েক মাস আগে কেয়া পায়েলের গোপন বিয়ের গুঞ্জন উঠেছিল। বিয়ের খবর উড়িয়ে দিয়ে এ অভিনেত্রী বলেছিলেন, “এটা সম্পূর্ণ গুজব। বিয়ে মানে, আমি সারাজীবন একজন মানুষের সঙ্গে থাকব, যে মানুষটার সঙ্গে বুড়ো হবো। সেই মানুষটা আমার জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মা-বাবা, ভাই-বোনের মতোই আমার জীবনে তার একই অবস্থান।”

বিয়ে করার পর কেন গোপন রাখবেন, পাল্টা প্রশ্ন রাখেন কেয়া পায়েল। এ অভিনেত্রী বলেছিলেন, “আমার বর, আমার জীবনসঙ্গী, আমার আত্মা—সে মানুষটা যদি আমার জীবনে থাকে, তাহলে আমি সেটা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাব। আমি এই বিষয় কেন জানাব না? সে তো হবে আমার জীবনের সবচেয়ে বড় অংশ। আমি কেন এটা গোপন রাখব? কোনো দিন আমি এটা গোপন রাখব না।”

কেয়া পায়েল মনে করেন, বিয়ের সৌন্দর্য সবাইকে জানানোর মধ্যে, আর প্রেম সুন্দর গোপনে। তার ভাষায়—“বিয়ের সৌন্দর্য হচ্ছে, সবাইকে বলার মধ্যে। বিয়ে করব সেটা সবাই জানবে না? লুকিয়ে প্রেম করব, সেটা ঠিক আছে। লুকিয়ে প্রেম করার মধ্যে এক ধরনের সৌন্দর্য আছে। তবে বিয়েটা অবশ্যই সবাইকে জানিয়ে করব।”

তবে বিয়ে নিয়ে ভাবার চেয়ে এখন কাজেই বেশি ব্যস্ত কেয়া পায়েল। নাটক, বিজ্ঞাপন, ফ্যাশন রানওয়েতে কাজ করছেন। আগামী অক্টোবরের শুরুর দিকে বিদেশে যাবেন। তাই যতটা পারছেন কথা দেওয়া কাজগুলো শেষ করে যাচ্ছেন। অক্টোবরের শেষের দিকে দেশে ফিরবেন বলেও জানান এই অভিনেত্রী।

“এলেন আর জয় করলেন”—অভিনেত্রী কেয়া পায়েলের ক্ষেত্রে অনেকটা তেমনই ঘটেছে। কারণ অভিনয়ে আসার কোনো ইচ্ছাই তার ছিল না। শখের বশে একটি বিজ্ঞাপনের শুটিং সেটে গিয়েছিলেন কেয়া পায়েল। সেখানে কয়েকজনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর অনেকে অভিনয়ের জন্য ডাকেন কেয়া পায়েলকে। ২০১৮ সালে প্রথম নাটকে অভিনয় করেন। প্রথম নাটকেই প্রধান চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। এখন পর্যন্ত ৪ শতাধিক নাটকে অভিনয় করেছেন কেয়া পায়েল।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৬)


পাঠকের মতামত:

২৯ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test