E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আন্তর্জাতিক অঙ্গনে ‘রইদ’র জয়জয়কার, প্রথম পুরস্কার পেলেন তুষি

২০২৬ অক্টোবর ০৬ ১৩:৫১:৩৪
আন্তর্জাতিক অঙ্গনে ‘রইদ’র জয়জয়কার, প্রথম পুরস্কার পেলেন তুষি

বিনোদন ডেস্ক : একটি সিনেমা, আর সেই সিনেমাকে ঘিরে একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ যেন থামছেই না।

ভিয়েতনামের ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ার সেরা ছবি হিসেবে ক্রিটিকস অ্যাওয়ার্ড জেতার পর এবার কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও তিনটি পুরস্কার ঘরে তুলেছে সিনেমাটি।

উৎসবের ১২তম আসরে ‘রইদ’ থেকে পুরস্কৃত হয়েছেন নাজিফা তুষি, জোয়াহের মুসাভভির ও রাশীদ শরীফ শোয়েব।

তুষি পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সেরা চিত্রগ্রহণের স্বীকৃতি গেছে জোয়াহের মুসাভভিরের হাতে, আর সেরা সংগীতের পুরস্কার পেয়েছেন রাশীদ শরীফ শোয়েব।

এই অর্জনের মধ্যে তুষির জন্য আনন্দটা যেন একটু আলাদা। কারণ ‘রইদ’র জন্য এটিই তার ক্যারিয়ারের প্রথম পুরস্কার।

সিনেমাটিতে ‘সাধুর বউ’ চরিত্রে অভিনয় করেছেন তুষি। ছবিটি প্রেক্ষাগৃহে আসার আগেই তার লুক নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছিল। মুক্তির পর সেই আগ্রহ আরও বেড়ে যায় তার অভিনয় নিয়ে। এবার সেই অভিনয়ই পেলো আন্তর্জাতিক উৎসবের স্বীকৃতি।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে তুষি বলেন, পুরস্কারের প্রত্যাশা নিয়ে তিনি কখনো কাজ করেন না। তার কাছে কাজ এবং চরিত্রকে যথাযথভাবে তুলে ধরাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের অভিনীত চরিত্র যখন স্বীকৃতি পায়, তখন সেটি অবশ্যই আনন্দের।

এই পুরস্কারকে নিজের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে বলেও মনে করছেন তুষি। তার প্রত্যাশা, অভিনয়জীবনের এই সুন্দর সময় সামনে আরও এগিয়ে যাবে।

তুষির এই অর্জনে উচ্ছ্বসিত ‘রইদ’র পরিচালক মেজবাউর রহমানও। তার মতে, আন্তর্জাতিক উৎসবে অসাধারণ সব সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে ‘রইদ’র তিনটি পুরস্কার পাওয়া পুরো দলের জন্যই আনন্দের।

বিশেষ করে তুষির অভিনয়ের আন্তর্জাতিক স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন নির্মাতা। পাশাপাশি সিনেমাটির চিত্রগ্রহণ ও সংগীত নিয়েও উৎসবে আলোচনা হয়েছে এবং শেষ পর্যন্ত সংশ্লিষ্ট দুই শিল্পী পুরস্কৃত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন তিনি।

‘রইদ’র আন্তর্জাতিক যাত্রা অবশ্য এখানেই থেমে নেই। ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হয়েছে। উৎসবের সেরা সিনেমার পুরস্কার পেয়েছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’, যে সিনেমাটি চলতি বছর কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে জুরি পুরস্কারও পেয়েছিল।

একদিকে সিনেমার আন্তর্জাতিক স্বীকৃতি, অন্যদিকে তুষির প্রথম পুরস্কার ‘রইদ’র এই সাফল্য তাই শুধু একটি সিনেমার অর্জন নয়, সংশ্লিষ্ট শিল্পীদের জন্যও হয়ে উঠেছে বিশেষ এক মাইলফলক।

(ওএস/এএস/অক্টোবর ০৬, ২০২৬)


পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test