E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’

২০২৬ অক্টোবর ০৯ ১৪:২০:৪১
‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’

বিনোদন ডেস্ক : রুপালি জগতে গ্ল্যামারের বিকল্প নেই—এ কথা বহু দিন ধরেই প্রচলিত! তবে এ ভাবনার সঙ্গে পুরোপুরি সহমত নন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। তার ভাষ্য—“গ্ল্যামারের পাশাপাশি যোগ্যতাও প্রয়োজন।”  

এ বিষয়ে সোহিনী সরকার বলেন, “ইন্ডাস্ট্রিতে যারা নতুন কাজ করতে আসছেন, তাদের দেখে অনেক সময় মনে হয়—তারা সম্পূর্ণ তৈরি হয়ে আসেননি। এক সময় অভিনেতা-অভিনেত্রীরা রীতিমতো পড়াশোনা করতেন অথবা দিনের পর দিন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থেকে কাজ শেখার চেষ্টা করতেন। কিন্তু এখন যার গ্ল্যামার সবচেয়ে বেশি সে কাজও পায় বেশি। কিন্তু আমার মনে হয়, শুধু গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রি চলে না।”

ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা যীশু সেনগুপ্তকে টেনে সোহিনী সরকার বলেন, “যীশুদা অনেক ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। বহুদিন ধরে নিজের অভিজ্ঞতার মাধ্যমে আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন। তাই আমার মনে হয়, শুধু গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না। আগে দরকার যোগ্যতা।”

দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে বহুরূপী ‘দ্য গোল্ডেন ডাকু’। এই সিনেমায় যীশু সেনগুপ্তর বিপরীতে অভিনয় করেছেন সোহিনী সরকার। শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত এই সিনেমায় একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে তাকে।

মডেল-অভিনেতা রণজয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়ান সোহিনী সরকার। তাদের প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জন কম হয়নি। সবকিছুর ইতি টেনে ২০২৪ সালের ১৫ জুলাই সাতপাকে বাঁধা পড়েন তারা। গত ২০ সেপ্টেম্বর পুত্রসন্তানের মা হন এই অভিনেত্রী। সোহিনী ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলির এটি প্রথম সন্তান। ফলে ব্যক্তিগত জীবনে দারুণ সময় উদযাপন করছেন সোহিনী।

২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী সরকার। তারপর ‘ওগো বধূ সুন্দরী’, ‘অদ্বিতীয়া’, ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে অভিনয় করেন। তবে ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন তিনি।

২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে সোহিনী সরকারের। একই বছর ‘ফড়িং’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। এক বছরের বিরতি নিয়ে ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়ান।

তারপর ‘রাজকাহিনী’, ‘হর হর ব্যোমকেশ’, ‘বিবাহ ডায়েরিজ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান সোহিনী। ২০১৯ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন এই নায়িকা। বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রান্না বাটি’। গত বছর মুক্তি পায় সিনেমাটি।

(ওএস/এএস/অক্টোবর ০৯, ২০২৬)






পাঠকের মতামত:

০৯ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test