E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আসছে মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ

২০২৬ অক্টোবর ১৬ ১৪:২২:৩৮
আসছে মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ

বিনোদন ডেস্ক : বক্সিংয়ে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে বিশ্বজুড়ে কিংবদন্তি হয়ে উঠেছিলেন মোহাম্মদ আলী। খেলোয়াড়ি নৈপুণ্যের পাশাপাশি ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক প্রভাবের কারণেও তিনি জায়গা করে নিয়েছেন কোটি মানুষের হৃদয়ে।

এবার পর্দায় উঠে আসছে এই কিংবদন্তি বক্সারের জীবন, বক্সিংয়ে তার উত্থান এবং বিশ্বজুড়ে সাংস্কৃতিক আইকন হয়ে ওঠার গল্প।

মোহাম্মদ আলীর জীবন অবলম্বনে নির্মিত নতুন সিরিজ ‘দ্য গ্রেটেস্ট’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছে অ্যামাজন এমজিএম স্টুডিওস ও প্রাইম ভিডিও।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশ করা হয়েছে সিরিজটির ট্রেলার ও পোস্টার। আগামী ৪ নভেম্বর প্রাইম ভিডিওতে সিরিজটির সব পর্ব একসঙ্গে মুক্তি পাবে।
বিশ্বের ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের দর্শক এটি দেখার সুযোগ পাবেন।

সিরিজটিতে মোহাম্মদ আলীর চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেতা জালেন বেস্ট।
১৯৪২ সালে ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র নামে জন্ম নেওয়া আলীর জীবনের নানা অধ্যায় তুলে ধরা হবে এতে। বক্সিংয়ে তার উত্থান থেকে শুরু করে বিশ্বজুড়ে পরিচিতি অর্জন এবং সাংস্কৃতিক আইকন হয়ে ওঠার গল্পই হবে সিরিজটির অন্যতম আকর্ষণ।

‘দ্য গ্রেটেস্ট’-এর নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ আলীর স্ত্রী লনি আলী। সিরিজটি নির্মাণের পাশাপাশি নির্বাহী প্রযোজক ও শো-রানারের দায়িত্ব পালন করছেন বেন ওয়াটকিনস। এর আগে ‘ক্রস’ ও ‘হ্যান্ড অব গড’ সিরিজে কাজ করেছেন তিনি।

সিরিজটির অন্যান্য চরিত্রেও রয়েছেন পরিচিত অভিনয়শিল্পীরা। ক্যাসিয়াস ক্লে সিনিয়রের চরিত্রে অভিনয় করেছেন ওমারি হার্ডউইক, ওডেসা ‘বার্ড’ ক্লের ভূমিকায় ডানা গুরিয়া এবং রুডি ক্লের চরিত্রে কাই পারহাম। এ ছাড়া সনি লিস্টনের চরিত্রে আমিন জোসেফ, অ্যাঞ্জেলো ডান্ডির ভূমিকায় জিওভান্নি রিবিসি এবং ম্যালকম এক্সের চরিত্রে দেখা যাবে মাইকেল ইলিকে।

কিংবদন্তি মোহাম্মদ আলীর জীবন ও উত্তরাধিকারকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরার লক্ষ্যেই নির্মিত হয়েছে ‘দ্য গ্রেটেস্ট’। আগামী ৪ নভেম্বর সিরিজটি মুক্তির পর তার জীবনের নানা অধ্যায় পর্দায় কীভাবে উঠে আসে, তা দেখার অপেক্ষায় থাকবেন দর্শকরা।

(ওএস/এএস/অক্টোবর ১৬, ২০২৬)



পাঠকের মতামত:

১৬ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test