E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘শাকিব ভাইয়ের সঙ্গে অভিনয় করতে আমার আপত্তি নেই’

২০২৬ অক্টোবর ২৬ ১৫:১১:১০
‘শাকিব ভাইয়ের সঙ্গে অভিনয় করতে আমার আপত্তি নেই’

বিনোদন ডেস্ক : ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে একই সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন অভিনেতা শরীফুল রাজ। এ নিয়ে দর্শকদের প্রত্যাশা নিয়ে রাজ জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে অভিনয় করতে তার কোনো আপত্তি নেই। প্রযোজক ও পরিচালক তাদের দুজনকে নিয়ে ভাবলে তিনি কাজ করতে রাজি। রাজের মতে, তার কাজ অভিনয় করা; আর পর্দায় কার সঙ্গে জুটি বাঁধবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রযোজক-পরিচালকদের।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের আগ্রহ নিয়ে কথা বলেন শরীফুল রাজ। সিনেমা–সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে দর্শকেরা প্রায়ই শাকিব খানের সঙ্গে তার সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করেন। এ প্রসঙ্গে রাজ বলেন, “শাকিব ভাই তো গুণী শিল্পী। আমাদের নিয়ে প্রযোজক পরিচালক ভাবলে তো আমার আপত্তি নেই। আমার কাজ অভিনয় করা। আমার জায়গা থেকে শাকিব ভাইয়ের সঙ্গে অভিনয়ে রাজি আছি। আমার সমস্যা নেই। সবার সঙ্গেই কাজ করতে চাই।”

শাকিব খানের সঙ্গে অভিনয়ের আগ্রহের পাশাপাশি নিজের আরেকটি প্রত্যাশার কথাও জানিয়েছেন রাজ। তার প্রথম সিনেমা ‘আইসক্রিম’-এ সহশিল্পী ছিলেন নাজিফা তুষি। সিনেমাটি মুক্তির ১০ বছর পেরিয়ে গেলেও তাদের আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি। এ নিয়ে অনেকেই তাকে প্রশ্ন করেন বলে জানান অভিনেতা।

রাজ বলেন, “অনেকেই আমাকে এটাও বলেন, নাজিফা তুষির সঙ্গে প্রথম সিনেমা, কিন্তু ১০ বছরে আর কোনো সিনেমা করলাম না কেন? আমার তো ইচ্ছা আছে। আমরা বন্ধু। আমাদের নিয়ে প্রযোজক, পরিচালকদের ভাবতে হবে।”

‘আইসক্রিম’ থেকে অভিনয়ের পথচলা
২০১৬ সালে মুক্তি পাওয়া ‘আইসক্রিম’ শরীফুল রাজের অভিনয়জীবনের শুরুর দিকের গুরুত্বপূর্ণ কাজ। নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটির ১০ বছর পর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি উপলক্ষে পুরোনো সহকর্মীদের সঙ্গে আড্ডায়ও অংশ নেন রাজ। একই দিনে ছিল নির্মাতা রেদওয়ান রনির জন্মদিন।

সেই সময়ের স্মৃতিচারণা করে রাজ বলেন, “একই সঙ্গে সেদিন (পরিচালক রেদওয়ান) রনি ভাইয়ের জন্মদিন ছিল। সেই উপলক্ষেই সিনেমাটি ঘিরে আড্ডা হলো। ১০ বছর আগে কত কী করেছি! তখন তো ভাবিই নাই, আজকের মতো সিনেমাই করে যাব। সেই সময়ে শুটিংয়ে আমরা অনেক মজা করতাম। অনেক দৃশ্যের শুটিং নিয়ে মজার ঘটনা ঘটত। আড্ডায় এ টি এম শামসুজ্জামান ভাই, দিতি আপাকে নিয়ে কথা হচ্ছিল। আমাদের সিনেমার ৪ জন শিল্পী মারা গিয়েছেন। তাদের মিস করলাম।”

প্রথম সিনেমায় কাজ করতে গিয়েই অভিনয়ের অনেক কিছু শিখেছেন বলে জানান রাজ। তার ভাষ্য, নির্মাতা রেদওয়ান রনি তাকে হাতে ধরে শিখিয়েছেন। শুটিংয়ের অভিজ্ঞতা থেকেই সিনেমা ও অভিনয়ের প্রতি ভালো লাগা তৈরি হয়। তখন থেকেই আরো সিনেমায় কাজ করার ইচ্ছা জাগে তার।

পেশা হিসেবে অভিনয়কে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েও সন্তুষ্ট রাজ। তিনি বলেন, “অভিনয়ের ইচ্ছা থাকলেও এটিকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত বুঝে উঠতে সময় লেগেছিল। এখন অভিনয় উপভোগ করছেন তিনি। সিনেমার সংখ্যা তুলনামূলক কম হলেও ভালো চিত্রনাট্য পাচ্ছেন বলে মনে করেন এই অভিনেতা।

দেশের সিনেমা হলের পরিবেশ উন্নত করার ওপরও গুরুত্ব দিয়েছেন শরীফুল রাজ। তার মতে, দর্শককে হলে ফেরাতে হলে পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ভালো সিনেমাও দিতে হবে। জরাজীর্ণ পরিবেশে দর্শক সিনেমা দেখতে আগ্রহী হবেন না—এটাই স্বাভাবিক বলে মনে করেন তিনি।

রাজের মতে, দর্শককে সারা বছর সিনেমামুখী রাখতে বছরে অন্তত ১২টি ভালো সিনেমা পরিকল্পনা করে মুক্তি দেওয়া প্রয়োজন। শুধু ঈদকেন্দ্রিক মুক্তির প্রবণতা থেকে বেরিয়ে আসার পক্ষেও মত দিয়েছেন তিনি। ঈদের বাইরে নিজের সিনেমা মুক্তি পাক, সেটিও চান এই অভিনেতা।

সম্প্রতি ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে হংকংয়ে যাওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেছেন রাজ। বিদেশি দর্শকদের সিনেমাটি নিয়ে আগ্রহ, গল্প ও প্রেক্ষাপট নিয়ে তাদের প্রশ্ন এবং চলচ্চিত্র দেখার গভীরতা তার কাছে নতুন অভিজ্ঞতা ছিল বলে জানান তিনি।

এদিকে ঈদের সিনেমার শুটিং নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি রাজ। সবকিছু ঠিক থাকলে শিগগিরই শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

শাকিব খানের সঙ্গে অভিনয়ের আগ্রহ থেকে শুরু করে নাজিফা তুষির সঙ্গে আবারো কাজ করার প্রত্যাশা—রাজের বক্তব্যে উঠে এসেছে সহশিল্পীদের সঙ্গে নতুনভাবে পর্দা ভাগাভাগি করার ইচ্ছা। এখন প্রযোজক ও পরিচালকেরা এই দুই অভিনেতাকে নিয়ে কোনো পরিকল্পনা করেন কি না, সেটিই দেখার বিষয়।

(ওএস/এএস/অক্টোবর ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test