E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঢাকায় দুই দিনব্যাপী বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা

২০২৬ নভেম্বর ১৪ ১৫:২৩:৪৩
ঢাকায় দুই দিনব্যাপী বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা

বিনোদন ডেস্ক : বাংলার প্রাচীন আধ্যাত্মিক সংগীত, সাধক-সংস্কৃতি ও চর্যাগীতির ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আয়োজন করা হয়েছে ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৬’। দুই দিনব্যাপী এ উৎসবের প্রতিপাদ্য ‘বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা’।

আগামী ১৪ ও ১৫ নভেম্বর ঢাকায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে উৎসবটি। আয়োজন করছে ভাবনগর ফাউন্ডেশন।

উৎসবের প্রথম দিন শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা ও চর্যাগীতির আসর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জার্মানির গবেষক ও উন্নয়নকর্মী ড. ম্যাক্স স্টীলে।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন লার্নিং ডিজাইন স্টুডিওর লার্নিং ডিজাইনার মিখাইল ইদ্রিস এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন তরিকতে আহলে বায়েত বাংলাদেশের কেন্দ্রীয় সংসদের সভাপতি ডা. শামসুল আলম, কবি, অনুবাদক ও গবেষক শাহেদ কায়েস, সিলেটি নাগরিলিপি গবেষক মোস্তফা সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইম রানা, বাংলা একাডেমির কর্মকর্তা, কবি ও গবেষক ড. আসাদ আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জোবায়ের আবদুল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নাট্যকার ও গবেষক ড. সাইমন জাকারিয়া।

উৎসবের দ্বিতীয় দিন রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় বাংলা একাডেমির বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যানে ভাবনগর সাধুসঙ্গ প্রাঙ্গণে আয়োজন করা হবে চর্যাগীতি প্রশিক্ষণ কর্মশালা, ভাবনগর সাধুসঙ্গ ও চর্যাগীতি শোভাযাত্রা।

দুই দিনের চর্যাগীতি পরিবেশনায় অংশ নেবেন দেশের বিভিন্ন জেলার সাধক ও শিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন বরিশালের শাহ আলম দেওয়ান, চুয়াডাঙ্গার সাধিকা সৃজনী তানিয়া, মানিকগঞ্জের বাউল অন্তর সরকার, শরীয়তপুরের শিলা মল্লিক, পঞ্চগড়ের রবিউল হক, পটুয়াখালীর বাউল আনিস মুন্সী, জামালপুরের হেলাল উদ্দিন ও ঝিনাইদহের ফতেহ কালাম।

এ ছাড়া কিশোরগঞ্জের অন্ধ আল আমিন সরকার পিপাসী, সুনামগঞ্জের নজরুল ইসলাম রানা, কিশোরগঞ্জের উজ্জ্বল ফকির ও সিদ্দিক ফকির, পাবনার ফকির আবুল হাসেম, ঝিনাইদহের জ্ঞানহীন নাহিম, জামালপুরের এরশাদ হোসেন, কিশোরগঞ্জের জিল্লুর সরকার ও জাকির চিশতি, ব্রাহ্মণবাড়িয়ার হাসান মিয়া, মুন্সীগঞ্জের মিনা পাগলী, শরীয়তপুরের হালিমা খাতুন, নোয়াখালীর আবু বকর সিদ্দিক, সিরাজগঞ্জের ফারুক নূরী, ময়মনসিংহের ফাহিম আহমেদ এবং ঢাকার ইশরাত জাহান তৃষা।

আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবের মধ্য দিয়ে বাংলার আত্মার গান, চর্যাগীতি ও সাধক-সংস্কৃতির ঐতিহ্য চর্চা, সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হবে।
(ওএস/এএস/নভেম্বর ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test