E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ডিয়ার ৯০’জ’ নিয়ে ফিরবেন কোয়েল মল্লিক

২০২৬ নভেম্বর ১৯ ১৪:৫৯:২৫
‘ডিয়ার ৯০’জ’ নিয়ে ফিরবেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক : দীর্ঘ অভিনয়জীবনে বড় পর্দায় নানা চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। মাঝে টেলিভিশনে নন-ফিকশন অনুষ্ঠানেও কাজ করেছেন তিনি।

তবে এবারই প্রথম কল্পকাহিনিনির্ভর কোনো ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। নব্বইয়ের দশকের স্মৃতিমাখা গল্পই তাকে টেনে এনেছে ছোট পর্দার নতুন এই অভিজ্ঞতায়।

সনি আটের নতুন ধারাবাহিক ‘ডিয়ার ৯০’জ’-এ দেখা যাবে কোয়েলকে। এতে অভিনয়ের কারণ, নিজের চরিত্র ও ভবিষ্যৎ কাজ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি।

কোয়েল জানান, টেলিভিশনে কাজের অভিজ্ঞতা আগে থেকেই থাকলেও কল্পকাহিনিনির্ভর কোনো অনুষ্ঠানে এবারই প্রথম যুক্ত হয়েছেন। সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘ডিয়ার ৯০’জ’-এর গল্প তার বিশেষভাবে ভালো লেগেছে।
আর সে কারণেই নতুন এই কাজের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ধারাবাহিকটির গল্পে উঠে আসবে এমন এক সময়ের চিত্র, যখন ইন্টারনেট কিংবা স্মার্টফোনের প্রচলন ছিল না। মানুষের পারস্পরিক সম্পর্কেও ছিল অন্য রকম আন্তরিকতা। নব্বইয়ের দশকের সেই সময় ও স্মৃতিকে কেন্দ্র করেই এগোবে গল্প।

টেলিভিশন নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়ে কোয়েল বলেন, টেলিভিশনের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে। অনেক বাড়িতেই সন্ধ্যা সময়ে টিভি সিরিয়াল দেখার একটা অভ্যাস রয়েছে। দর্শকরা ধারাবাহিকের চরিত্রগুলোর সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েন। টেলিভিশনের অভিনেতাদেরও তারা পরিবারের সদস্যের মতো আপন করে নেন।

‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের একজন লেখিকার চরিত্রে অভিনয় করবেন কোয়েল। তার লেখা ‘ডিয়ার ৯০’জ’ বইটি বেস্টসেলার। গল্পের শুরুতে নিজের স্কুলে ফিরে অতীতের স্মৃতি ভাগ করে নিতে চান অপরাজিতা। আর সেই সূত্র ধরেই দর্শক ফিরে যাবেন নব্বইয়ের দশকে।

চরিত্রটি সম্পর্কে কোয়েল বলেন, এই চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, অপরাজিতার ব্যক্তিগত স্মৃতির মধ্য দিয়েই উঠে আসে নব্বইয়ের দশকে বড় হয়ে ওঠার এক বৃহত্তর গল্প।

তবে ধারাবাহিকের সব পর্বে দেখা যাবে না কোয়েলকে। গল্পে অপরাজিতার শৈশবের অংশ ফ্ল্যাশব্যাকে দেখানোর সময়ই পর্দায় উপস্থিত থাকবেন তিনি।

এদিকে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দা নিয়েও ব্যস্ততা রয়েছে এই অভিনেত্রীর। মুক্তির অপেক্ষায় রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘জননী’ এবং অন্নপূর্ণা বসুর ‘স্পর্ধা’।

(ওএস/এএস/নভেম্বর ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test