E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অভিনেতা সোহেল খান মারা গেছেন

২০২৬ নভেম্বর ২৪ ১৩:৪৫:০৮
অভিনেতা সোহেল খান মারা গেছেন

বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা-নির্মাতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়।  

‘নসিব’ সিনেমার শুটিং করতে বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সিনেমাটিতে অভিনয় করছেন শাহরিয়ার নাজিম জয়ও। ঘটনা বর্ণনা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন তিনি। এ অভিনেতা বলেন, “একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন-এ। সিনেমার নাম ‘নসিব’। ড্রেস ছিল সাদা শার্ট, সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো।”

পরের ঘটনা বর্ণনা করে শাহরিয়ার নাজিম জয় বলেন, “গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।”

গত ১৯ নভেম্বর থেকে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। আগামীকাল তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল বলে জানা যায়। ‘নসিব’ পরিচালনা করছেন মো. ইকবাল।

ধামরাইয়ের রাজাপুরের সন্তান সোহেল খান। প্রায় দুই যুগ আগে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। তারপর টিভি নাটকে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। তবে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় কাজ করে বিশেষভাবে দর্শকদের নজর কাড়েন। এ পরিচালকের ব্যাঙ্গাত্মক-রাজনৈতিক ঘরানার ‘৪২০’ ধারাবাহিকে ‘বিশু’ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন। পরবর্তীতে ‘হাউসফুল’, ‘ডিটেকটিভ’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘সৈয়দ বাড়ির বউ’, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’, বিয়ের দাওয়াত রইলো’, ‘টু বি কন্টিনিউড’ প্রভৃতি নাটকে অভিনয় করেন তিনি।

২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে সোহেল খানের। এরপর অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—‘স্পার্টাকাস ৭১’, ‘কমন জেন্ডার’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘অনেক সাধের ময়না’, ‘পরবাসিনী’, ‘প্রিয় কমলা’, ‘শান’, ‘বীর’ প্রভৃতি।

(ওএস/এএস/নভেম্বর ২৪, ২০২৬)









পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test