E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিদেশি মদ রাখার মামলায় আদালতে আসিফ আকবর

২০২৬ মার্চ ০৯ ১৩:৩৩:০৭
বিদেশি মদ রাখার মামলায় আদালতে আসিফ আকবর

স্টাফ রিপোর্টার : লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে অংশ নিতে তিনি আদালতে উপস্থিত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক আয়েশা আক্তার মৌসুমির আদালতে মামলার যুক্তিতর্ক শুনানি হওয়ার কথা। যুক্তিতর্ক শেষে আদালত চাইলে একই দিন রায় ঘোষণা করতে পারেন। অথবা রায়ের জন্য অন্য দিনও ধার্য করতে পারেন।

শুনানিকে কেন্দ্র করে সকাল ১১ টার পরে আদালতে হাজির হন আসিফ আকবর। এজলাসে ওঠার আগে তাকে আদালতের বারান্দায় অপেক্ষা করতে দেখা যায়। এসময় তিনি নিজের আইনজীবীদের সঙ্গে মামলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন।

তারকা গায়ককে আদালত প্রাঙ্গণে দেখে উপস্থিত অনেকেই তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে যান। তার মামলার শুনানিকে ঘিরে এজলাসের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্যের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

এর আগে মামলায় সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়েছে। মামলায় মোট তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় আদালত আজ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছিলেন।

মামলার বাদী সিআইডির সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার ১৫ ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য দেন। পরে তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক জামাল উদ্দিন এবং তার সঙ্গে শাহিনুল ইসলাম আদালতে সাক্ষ্য প্রদান করেন। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি টাকিলা মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদফতরে পাঠানো হয়।

এ ঘটনায় লাইসেন্স ছাড়া বিদেশি মদ দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ২৪(ক) ধারায় করা হয়েছে।

(ওএস/এএস/মার্চ ০৯, ২০২৬)






পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test