E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

২০২৬ মার্চ ১৬ ১৩:৫৩:৪৩
শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার : শপিংয়ের পর ব্যাগের জন্য ক্রেতার কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে শপিং ব্যাগের দাম হিসেবে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে ব্যবস্থা গ্রহণ ও আড়ংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনার দাবি জানানো হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি জনস্বার্থে এই লিগ্যাল নোটিশ পাঠান। তিনি বিষয়টি নিশ্চিত করেন।

রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো লিগ্যাল নোটিশে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে জনস্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট করা হবে বলে জানানো হয়।

নোটিশে আইনজীবী অভি বলেন, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কেনাকাটার পর বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে আড়ং, যা বাংলাদেশের আইনের পরিপন্থি। দেশের কোনো ব্যবসাপ্রতিষ্ঠানই এ ধরনের কার্যক্রম করছে না। কিন্তু গত কয়েক মাস ধরে আড়ংয়ের বিভিন্ন শোরুমে পণ্য কেনার পর ব্যাগের জন্য বাড়তি টাকা দিতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। ফলে অনেক ক্রেতাই হাতে করে কাপড় বহন করছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ভোক্তারা।

তিনি বলেন, আড়ংয়ের এ কাজ ভোক্তাদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে লঙ্ঘন করছে ব্যবসায়িক নৈতিকতার মান। তাদের দেখাদেখি বাংলাদেশে অন্যান্য ব্র্যান্ডের প্রতিষ্ঠানও ক্রেতাদের কাছ থেকে শপিং ব্যাগের অতিরিক্ত অর্থ আদায়ের জন্য উৎসাহিত হতে পারে। তাই অবিলম্বে আড়ংকে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধের ব্যবস্থা নিতে হবে।

এই আইনজীবী আরও বলেন, ভোক্তা অধিকার অধিদপ্তরকেও নির্দেশ দেওয়া হোক যেন বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পারে। এছাড়া ভবিষ্যতে সব ক্রেতাকে বিনামূল্যে পণ্য বহনের ব্যাগ প্রদান নিশ্চিত করতে হবে।

(ওএস/এএস/মার্চ ১৬, ২০২৬)




পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test