E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন

২০২৬ মার্চ ১৮ ১৪:১৪:০২
হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশান থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১৬ মার্চ) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে তাকে জামিন দেন।

রিয়াদের পক্ষে আইনজীবী এস এম জাকির হোসেন জামিন আবেদন করে শুনানি করেন। শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় আগামী ১২ এপ্রিল পর্যন্ত তাকে জামিন মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি গুলশান থানায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে রিয়াদসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ২২ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। পরদিন শুক্রবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ মার্চ রিয়াদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একই সময় অন্য তিন আসামির রিমান্ড ও জামিন আবেদন আদালত নাকচ করেন।

এর আগে গত ১২ মার্চ মামলার তিন আসামি রিয়াদুল হাওলাদার, আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার জামিন পান।

মামলার অভিযোগে বলা হয়, বাদী নির্জন সরদার বাঁধন ও অভিযুক্তদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ২৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চতুর্থ তলার ৪১২ নম্বর কক্ষে তাদের দেখা হলে সমাবর্তনে অংশ নেওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।

এ সময় বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আনিসুর রহমানের সঙ্গে আলোচনা করতে গেলে আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের নির্দেশে আসামি রিয়াদুল হাওলাদার ও সায়েম শিকদার চেয়ার দিয়ে নির্জনকে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার পিঠ ও বুকে আঘাত লাগে।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে রাজ্জাক সুইচ গিয়ার চাকু দিয়ে নির্জনের মুখমণ্ডলে আঘাত করেন। এতে তার নাকে গুরুতর জখম হয় এবং রক্তপাত শুরু হয়। পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।

এ সময় নির্জনের বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও হুমকি দেন। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে।

এর আগে গত বছরের ২৬ জুলাই রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির অভিযোগে দায়ের করা একটি মামলায়ও আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ গ্রেপ্তার হয়েছিলেন। পরে তিনি ওই মামলায় জামিনে মুক্তি পান।

(ওএস/এএস/মার্চ ১৮, ২০২৬)







পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test