E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন

২০২৬ মে ১৮ ১৯:১৩:১৬
ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শাহীন মীর মালত (৩৪)–কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ সোমবার দুপুরের দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৯ সালে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সাঘা বিশ্বাসের ডাঙ্গী গ্রামের মো. ফারুক মাতুব্বরের মেয়ে স্মৃতি আক্তারের সঙ্গে একই উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের আজাহার মণ্ডলের পাড়া গ্রামের শাহীন মীর মালতের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শাহীন মাদকাসক্ত হয়ে পড়েন এবং যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। পরবর্তীতে মেয়ের সুখের কথা বিবেচনায় ২০২১ সালে নিহতের পরিবার প্রায় এক লাখ টাকা যৌতুক দেয়। এরপরও পুনরায় তিন লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন অব্যাহত রাখে শাহীন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৮ জানুয়ারি সন্ধ্যা থেকে রাতের মধ্যে কোনো এক সময়ে যৌতুকের দাবিতে ঘরের ভেতর স্মৃতি আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহ ঘরের চৌকিতে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়। পরদিন স্থানীয়দের খবরের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা ফারুক মাতুব্বর বাদী হয়ে ওই বছরের ৩১ জানুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২২ সালের ৩০ এপ্রিল কোতোয়ালি থানার এসআই সুজন বিশ্বাস প্রধান আসামি শাহীন মীর মালতকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

রায় প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী বলেন, “এই রায়ে আমরা সন্তুষ্ট। এর মাধ্যমে যৌতুকের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সমাজে একটি শক্ত ও স্পষ্ট বার্তা যাবে।”

(ডিসি/এসপি/মে ১৮, ২০২৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test