E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার

২০২৬ জুন ১৪ ১৫:৩৯:৫৩
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৪ জুন) জাতীয় সংসদকে বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি জানান, গত ১২ জুন আরব আমিরাত থেকে পাঠানো একটি চিঠির মাধ্যমে সরকারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

গ্রেপ্তারের ত্রিশ দিনের মধ্যে বেনজীরকে যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে পাঠানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বেনজীরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারে গত বছরের ফেব্রুয়ারিতে পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার একটি আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেওয়া হয়।

কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে বেশ কিছু মামলা আছে দুদকের।

বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা জমি-ফ্ল্যাটসহ অনেক স্থাপনা আদালতের আদেশে ক্রোক (জব্দ) আছে। এছাড়া তাদের বিপুল অংকের সঞ্চয়পত্র, অনেক ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‌্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার বিরুদ্ধে দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি-অনিয়মসহ বিভিন্ন অভিযোগ উঠলে ২০২৪ সালের ৪ মে সপরিবার দেশ ছাড়েন বেনজীর।
(ওএস/এএস/জুন ১৪, ২০২৬)




পাঠকের মতামত:

১৪ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test