E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশ পিপলস লীগকে ৩ মাসের মধ্যে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

২০২৬ জুলাই ২৩ ১৬:০৭:৪৫
বাংলাদেশ পিপলস লীগকে ৩ মাসের মধ্যে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার : রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদেরকে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে বলা হয়েছে।

এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (২২ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত এ রায় দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন দলটির চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ ও আইনজীবী সৈয়দ মাহবুব হোসেন। ইসির পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া।

বর্তমানে নির্বাচন কমিশনে ৬০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। নিবন্ধন পেলে পিপলস লীগ হবে ৬১তম দল। নিবন্ধন ছাড়া রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনা করা গেলেও নির্বাচনে অংশ নেওয়া যায় না।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছিল পিপলস লীগ। কিন্তু নির্ধারিত শর্ত পূরণ না হওয়ার কারণ দেখিয়ে সেই আবেদন নামঞ্জুর করে গত বছরের ৯ ফেব্রুয়ারি সিদ্ধান্ত জানায় ইসি।

ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দলটির পক্ষে মহাসচিব আইনজীবী সৈয়দ মাহবুব হোসেন গত বছর হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়েছিলেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেওয়া হয়।

বাংলাদেশ পিপলস লীগ ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় বলে জানান দলের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন। তিনি জানান, তখন দল হিসেবে মার্শাল ল রেগুলেশনের মাধ্যমে নিবন্ধন দেওয়া হয়। তবে ২০০৮ সালে নতুন বিধান হয়। এর ধারাবাহিকতায় দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন আবেদন করে পিপলস লীগ।

মাহবুব হোসেন দাবি করেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ করলেও ২০–দলীয় জোটের শরিক হওয়ার কারণে পিপলস লীগকে আওয়ামী লীগ আমলে নিবন্ধন দেওয়া হয়নি।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে দল হিসেবে নিবন্ধনের পেতে রিটটি করা হয়। চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট (যথাযথ) করে রায় দিয়েছেন আদালত। পিপলস লীগকে রাজনৈতিক দল হিসেবে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।’

(ওএস/এএস/জুলাই ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test