E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

২০২৬ অক্টোবর ০৪ ১৪:৩৬:৩২
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

স্টাফ রিপোর্টার : ঢাকার শাহজালাল বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

রবিবার (৪ অক্টোবর) এক দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজির করে এ আবেদন করা হয়। এর আগে শনিবার একই মামলায় তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম এ আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে আবেদনের ওপর শুনানি প্রস্তুতি চলছে।

এদিকে আখতারুজ্জামানের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। তারা আদালতের এজলাসে অবস্থান করছেন।

মামলাটি করা হয় গত বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকট কেন্দ্র করে সৃষ্ট ঘটনার জেরে। মামলার এজাহারে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামানের বাগবিতণ্ডা ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এছাড়া সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়ায় এক নিরাপত্তাকর্মীর সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা, জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও রয়েছে এজাহারে।

তার আগে শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে বিমানবন্দর থানার ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

(ওএস/এএস/অক্টোবর ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test