E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে করা রিট খারিজ

২০২৬ অক্টোবর ৩০ ১৪:৫৬:৫০
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে করা রিট খারিজ

স্টাফ রিপোর্টার : ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

গত ৪ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম কিবরিয়াসহ ছয়জন এ রিট করেন। রিটে স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার এবং ছয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিবাদী করা হয়।

স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পান মো. আব্দুস সালাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দায়িত্ব দেওয়া হয় মো. শফিকুল ইসলাম খানকে।

অন্য চার সিটি করপোরেশনের মধ্যে খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুরে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ২৫ক ধারার উপধারা (১) অনুসারে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসকেরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ জন্য বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন তারা। জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়।

(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০২৬)





পাঠকের মতামত:

৩০ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test