E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

২০২৬ নভেম্বর ০৭ ১৬:০৩:৫১
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

স্টাফ রিপোর্টার : জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার আরিফ হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন। সেই আবেদনের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার (৪ নভেম্বর) বিকেলে ডিবিসি চ্যানেলের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে ঢাকা মহনাগর গোয়েন্দা পুলিশ। এ সময় রাজীব ঘোষ নামে আরেকজন সাংবাদিককেও আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে রাজীব ঘোষকে বুধবার মধ্যরাতে ছেড়ে দিলেও ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলা গ্রেপ্তারের কথা জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে লর্ড হার্ডিঞ্জ ফাযিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফের।

চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরিফের বাবা ইউসুফ ২০২৪ সালের ২৫ আগস্ট শেখ হাসিনাসহ ২৩৩ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলার ৫৩ নম্বর আসামি হিসেবে ইকবাল সোবহান চৌধুরীর নাম রয়েছে।

ডিবিসি নিউজ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইকবাল সোবহান চৌধুরী আওয়ামী লীগ সরকার পতনের আগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন। পরে তাকে সরিয়ে দেওয়া হয়। তারপরও তিনি মাঝেমধ্যে প্রতিষ্ঠানটিতে আসা-যাওয়া করতেন। বুধবার দুপুরের দিকে অফিসে এসে নিজেকে ডিবিসি নিউজের চেয়ারম্যান দাবি করেন তিনি। একপর্যায়ে বিকেল ৩টার দিকে তিনি কার্যালয় থেকে বের হলে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে নিয়ে যান। সে সময় রাজীব ঘোষকেও নিয়ে যান ডিবি পুলিশের সদস্যরা।

(ওএস/এএস/নভেম্বর ০৭, ২০২৬)











পাঠকের মতামত:

০৭ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test