E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘শেখ হাসিনাকে পাসপোর্ট দিলে বিচারব্যবস্থার সঙ্গে মশকরা করা হবে’

২০২৬ নভেম্বর ১০ ১৬:২৫:৫১
‘শেখ হাসিনাকে পাসপোর্ট দিলে বিচারব্যবস্থার সঙ্গে মশকরা করা হবে’

স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ বাংলাদেশের আইনে নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, “দণ্ডিত হওয়ার পাশাপাশি বিচার এড়িয়ে পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার আইনি ভিত্তি নেই। তার হাতে আপিলের সুযোগও আর অবশিষ্ট নেই।”

মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন আমিনুল ইসলাম।

তিনি বলেন, “শেখ হাসিনা ট্রাইব্যুনালে নিজের বিরুদ্ধে চলা বিচার মোকাবিলা করেননি। রায় ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে আপিলও করেননি। এমন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সরকার পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দিলে তা বিচারব্যবস্থার সঙ্গে রাষ্ট্রের মশকরা করার মতো হবে।”

নিজের বক্তব্যের পক্ষে পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ ও ৭ অনুচ্ছেদের কথা উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, “পাসপোর্টের আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে অন্তত দুই বছরের কারাদণ্ড হয়েছে, এমন ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। অন্যদিকে, নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করার বিধান রয়েছে ৭ অনুচ্ছেদে। ”

আমিনুল ইসলামের মতে, মানবতাবিরোধী অপরাধ এ ধরনের অপরাধের অন্তর্ভুক্ত। ফলে বিধান দুটি একসঙ্গে বিবেচনা করলেও শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ থাকে না।

আমিনুল ইসলাম বলেন, “আদালতের কার্যক্রম এড়িয়ে যাওয়া কিংবা পলাতক থাকার বিষয়টি পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রেও বিবেচ্য। এ কারণে শেখ হাসিনার দেশে ফেরার অধিকারকে সংবিধানের ৩৬ অনুচ্ছেদের সঙ্গে মিলিয়ে পাসপোর্ট পাওয়ার দাবি তোলা বিভ্রান্তিকর।”

দেশে ফেরার অধিকার হিসেবে সংবিধানের ৩৬ অনুচ্ছেদ সামনে আনার বিষয়টিও নাকচ করেন তিনি। তার বক্তব্য, এই অনুচ্ছেদে নাগরিকের চলাচল, দেশ ত্যাগ ও দেশে প্রবেশের অধিকার দেওয়া হলেও দণ্ডিত ও পলাতক ব্যক্তির ক্ষেত্রে তা একইভাবে প্রযোজ্য নয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় আইনি পদক্ষেপ এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু তিনি দেশে ফিরে বিচার মোকাবিলা করেননি বলে জানান চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, “আদালতের কার্যক্রম এড়িয়ে যাওয়া কিংবা পলাতক থাকার বিষয়টি পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রেও বিবেচ্য। এ কারণে শেখ হাসিনার দেশে ফেরার অধিকারকে সংবিধানের ৩৬ অনুচ্ছেদের সঙ্গে মিলিয়ে পাসপোর্ট পাওয়ার দাবি তোলা বিভ্রান্তিকর।”

আইনগুলোর প্রণয়ন ও সাংবিধানিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার ১৯৭৩ সালে পাসপোর্ট অর্ডার প্রণয়ন করে। ওই বছরই সংবিধানের ৪৭ অনুচ্ছেদ সংশোধন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-সংক্রান্ত আইনকে সাংবিধানিক সুরক্ষা দেওয়া হয়।”

আমিনুল ইসলামের ব্যাখ্যা অনুযায়ী, এই অনুচ্ছেদে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণ ও প্রার্থী হওয়ার অধিকার সীমিত করা হয়েছে। একই সঙ্গে ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে যাওয়ার সুযোগও বাতিল করা হয়েছে।

আপিলের সময়সীমা প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর বিধান উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, “রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরবর্তী সময়ে আর আপিল করার সুযোগ থাকে না। শেখ হাসিনা ওই সময়সীমার মধ্যে আপিল না করায় তার সামনে এখন আর আইনগতভাবে আপিলের পথ খোলা নেই।”

ভারতে বাংলাদেশের হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদন করা হয়েছে বলে প্রকাশিত খবর নিয়েও কথা বলেন আমিনুল ইসলাম। লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারের করা ওই আবেদনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “পাসপোর্টের আবেদন করার কথা সংশ্লিষ্ট ব্যক্তির। কিন্তু এখানে আবেদন করেছে লন্ডনের একটি আইনজীবী প্রতিষ্ঠান, আর তাদের কথিত মক্কেল অবস্থান করছেন ভারতে। শেখ হাসিনার সঙ্গে ম্যাট্রিক্স চেম্বারের আইনগত কোনো চুক্তি রয়েছে কি না, তা প্রকাশ করা হয়নি বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তার প্রশ্ন, এমন কোনো চুক্তি না থাকলে প্রতিষ্ঠানটি কীভাবে শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদন করতে পারে?

(ওএস/এএস/নভেম্বর ১০, ২০২৬)












পাঠকের মতামত:

১০ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test