E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড

২০২৬ নভেম্বর ২২ ১৯:১০:০৬
ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলায় ৪ বছরের এক কন্যাশিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল (২৮) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেন আদালত।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আশরাফুল উকিল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ ফরিদপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আশরাফুল উকিল ভুক্তভোগী কন্যাশিশুটির প্রতিবেশি মো. মজিবর খানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ অক্টোবর সকালে মধুখালীর চর লাউজানা গ্রামের এক বাসিন্দার ৪ বছর বয়সী কন্যাশিশুকে ঘরে রেখে মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় প্রতিবেশী আশরাফুল উকিল তাদের বাড়িতে এসে শিশুটির খোঁজ করে, অতঃপর ঘরে গিয়ে তার সঙ্গে খেলতে থাকেন।

একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে তার মা ঘরে গিয়ে মেয়েকে বমি করতে ও কাঁদতে দেখেন।

পরে শিশুটি মাকে খুলে বলে যে, আশরাফুল তাকে মুখ চেপে ধরে যৌন নিপীড়ন করে এবং ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন শিশুটির মা বাদী হয়ে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. নয়ন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ভুক্তভোগী শিশুর বক্তব্য এবং সংশ্লিষ্ট আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন।

পরে আশরাফুল উকিল অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪) (খ) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে আদালতে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আশরাফুল উকিলকে উপরোক্ত রায় প্রদান করা হয়।

উপরোক্ত বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল নামের একজন ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ রায়ের বিপরীতে বাদী-বিবাদী কোনো পক্ষের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

(আরআর/এসপি/নভেম্বর ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test