E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ট্রাম্পের সব দাবিই ‘মিথ্যা’

২০২৬ এপ্রিল ১৮ ১৪:২৪:১৬
ট্রাম্পের সব দাবিই ‘মিথ্যা’

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়া জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একের পর এক পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সব পোস্টে তিনি যেসব দাবি করেছেন সেগুলোর প্রতিটিই ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে ইরান।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্টের বেশ কয়েকটি দাবির তালিকা তুলে ধরেন। তিনি বলেন, ‘তারা এসব মিথ্যা বলে যুদ্ধে জিততে পারেনি, আর আলোচনার মাধ্যমেও নিশ্চিতভাবেই কোথাও পৌঁছাতে পারবে না।


তিনি বলেন, ‘অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে না।’

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুধু ‘নির্ধারিত রুট’ ও ‘ইরানের অনুমতি’ সাপেক্ষে পরিচালিত হবে বলেও উল্লেখ করেন বাঘের গালিবাফ।

তিনি স্পষ্টভাবে জানান, এই প্রণালী পরিচালনার নিয়মগুলো কোনোভাবেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্ধারিত হবে না।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে মার্কিন কর্মকর্তাদের মন্তব্যগুলো পরস্পরবিরোধী।
তার মতে, এটি তাদের ‘হতাশা ও অসহায়ত্বের’ একটি লক্ষণ।

মুখপাত্র বাঘাই বলেন, অন্য পক্ষের টুইট বা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে আমাদের প্রভাবিত হওয়া উচিত নয়। মার্কিন কর্মকর্তাদের বক্তব্যগুলো মিথ্যা ও অসংলগ্নতায় ভরা, এটি কোনো নতুন বিষয় নয়।

তিনি আরও যোগ করেন, হরমুজ প্রণালী খোলা রাখা বা বন্ধ করার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নির্ধারিত হয় না, বরং এটি সরাসরি বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করে।

অন্যদিকে তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে রাজি হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তাও প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

তাসনিম নিউজ এজেন্সির বরাতে ইসমাইল বাঘাই বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। কোনো অবস্থাতেই এটি অন্য কোথাও স্থানান্তর করা হবে না।

তথ্যসূত্র : আল জাজিরা

(ওএস/এএস/এপ্রিল ১৮, ২০২৬)




















পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test