E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রসাটমের সহায়তায় ভিয়েতনামে নির্মিত হবে থ্রিডি প্রিন্টিং স্থাপনা

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৭:৩৬:১৫
রসাটমের সহায়তায় ভিয়েতনামে নির্মিত হবে থ্রিডি প্রিন্টিং স্থাপনা

বিশেষ প্রতিনিধি : ভিয়েতনামে একটি অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং সেন্টার গড়ে তুলতে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে রসাটমের ফুয়েল ডিভিশন এবং ভিয়েতনামের জাতীয় তেল ও গ্যাস কর্পোরেশন পেট্রোভিয়েতনাম। রসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

রাশিয়ায় সরকারি রাষ্ট্রীয় সফরে আসা ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে রসাটমের আন্তর্জাতিক কার্যক্রম বিষয়ক ডেপুটি ডিরেক্টর জেনারেল নিকোলে স্পাস্কি এবং পেট্রোভিয়েতনামের চেয়ারম্যান লে নগোক সন উপস্থিত ছিলেন।

চুক্তিতে একটি সম্পূর্ণ কার্যকরী থ্রিডি প্রিন্টিং সেন্টার স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির পরিধি এবং সরবরাহের সময়সূচির রূপরেখা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিলেক্টিভ লেজার মেল্টিং এবং ডাইরেক্ট লেজার ডিপোজিশন পদ্ধতি ব্যবহার করে ধাতব উপাদান তৈরির জন্য রসাটম-নির্মিত থ্রিডি প্রিন্টার, সেইসাথে হিট ট্রিটমেন্ট, টার্নিং, ল্যাবরেটরি অ্যানালাইসিস এবং অন্যান্য প্রয়োগের জন্য প্রয়োজনীয় রুশ সরঞ্জাম।

পেট্রোভিয়েতনামের ফান তু জিয়াং-এর মতে, এই সেন্টারটির মাধ্যমে ড্রিলিং ও পাম্পিং সরঞ্জামের জন্য জটিল উপাদানগুলোর দ্রুত উৎপাদন সহজ হবে। দ্রুত প্রোটোটাইপিংয়ের মাধ্যমে ডাউনটাইম কমিয়ে আনা এবং উন্নত অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি ব্যবহার করে সরঞ্জাম ও বড় আকারের যন্ত্রাংশ পুনরুদ্ধার এবং মেরামত করা সম্ভব হবে।

চুক্তিতে প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময়ের সহায়তায় ভিয়েতনামে মেটাল পাউডার উৎপাদন ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। উভয় পক্ষ যৌথভাবে কোয়ালিটি স্ট্যান্ডার্ড, কোয়ালিফিকেশন পদ্ধতি এবং পণ্যের সার্টিফিকেশন তৈরি করবে।

রসাটম ফুয়েল ডিভিশনের অ্যাডিটিভ টেকনোলজিস বিজনেস ইউনিটের ডিরেক্টর ইলিয়া কাভেলাশভিলি জানান, "ভবিষ্যতে ভিয়েতনামে থ্রিডি প্রিন্টার উৎপাদন স্থানীয়করণ নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত," বলেছেন । তিনি আরও উল্লেখ করেন যে, ইতোমধ্যে রসাটম ২০২৫ সালে বেলারুশে অনুরূপ একটি কাজ সম্পন্ন করেছে।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test