E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভারতে বন্যা-ভূমিধসে ৫৬ জনের মৃত্যু

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৪:৩৮:১০
ভারতে বন্যা-ভূমিধসে ৫৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : টানা ভারী বৃষ্টিপাত ও একাধিক নদীর পানি বৃদ্ধির কারণে ভারতের পূর্ব ও উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে বন্যা ও ভূমিধস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। উত্তর প্রদেশ, বিহার, উত্তরবঙ্গ, সিকিম, উত্তরাখণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ে  জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত ৭২ ঘণ্টায় পূর্ব ও উত্তর ভারতের রাজ্যগুলো মিলিয়ে অন্তত ৫৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও ঘরবাড়ি ও পাহাড় ধসের পাশাপাশি বজ্রপাতের মতো বিভিন্ন দুর্ঘটনায় ৪৬ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। বিহার ও সিকিমের পাহাড়ি ধস ও পাহাড়ি ঢলের এলাকায় বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। শুধু উত্তর প্রদেশেই এক হাজারের বেশি বাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতের সংখ্যার দিক দিয়েও শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ।

সিকিম
গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে গ্যাংশিং এবং রিম্বি এলাকায় ব্যাপক ভূমিধস ঘটেছে। রিম্বির কাছে ৩০টিরও বেশি ঘরবাড়ি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিস্তা ও চ্যাকুং নদীতে ধসের কাদা-পাথর জমা হয়ে সাময়িক প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় নিচু এলাকায় আকস্মিক বন্যার চরম সতর্কতা জারি রয়েছে। ১২০ জনেরও বেশি অধিবাসীকে নিরাপদ স্থানে ও ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে।

উত্তরবঙ্গ (পশ্চিমবঙ্গ)
সিকিম ও ভুটান পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ি অঞ্চলে ছোট-বড় ধসের ফলে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। কালচিনি ও শিলিগুড়ির সংলগ্ন নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় প্রশাসনিক সতর্কতা জারি রয়েছে।

বিহার
বিহারের বিপদ বাড়িয়েছে নেপালের অববাহিকা অঞ্চলের অবিরাম বৃষ্টিপাত। বাধ্য হয়ে বাল্মিকীনগর ব্যারেজ থেকে ক্রমাগত পানি ছাড়া হচ্ছে। এর জেরে শনিবার পশ্চিম চম্পারণ জেলায় গণ্ডক নদীর পানি লোকালয় ভাসিয়েছে। বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় দুই হাজারের বেশি গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। নেপালের পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন নদীগুলোতে পানির স্তর বেড়ে যাওয়ায় শঙ্কিত বিহার প্রশাসন। এই অবস্থায় নদী তীরবর্তী এলাকার জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিয়েছেন রাজ্যে মুখ্যসচিব প্রত্যয় অমৃত।

উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশ
উত্তরাখণ্ডের পাহাড়ি জেলাগুলোতে লাগাতার ভূমিধসের ফলে একাধিক রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। অন্যদিকে, সংলগ্ন উত্তর প্রদেশে গত তিন দিনে প্রবল বৃষ্টি ও বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি রেকর্ড করা হয়েছে।

ভূমিধস ও বজ্রপাতে কেবল উত্তর প্রদেশেই ৫৬ জনের প্রাণহানি ঘটেছে। উত্তর প্রদেশ সরকারের তথ্য অনুযায়ী, সীতাপুর জেলায় মৃত্যু হয়েছে সাতজনের। এছাড়াও লখিমপুর খেরি, বাহরাইচ এবং বলরামপুর– প্রতিটি জেলায় পাঁচজন মারা গেছেন। অযোধ্যা ও গোরক্ষপুরে চারজন করে প্রাণ হারিয়েছেন।

প্রবল বৃষ্টি, ঝড় ও পানি জমে যাওয়ার কারণে রাজ্যজুড়ে মোট ১ হাজার ২১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে হারদোই, সীতাপুর, চন্দৌলি, অরাইয়া, গোন্ডা, হামিরপুর, শাহজাহানপুর এবং বাহরাইচেও অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু বসতবাড়িই নয়, গবাদি পশুরও মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে ১০৭টি প্রাণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। হারদোইয়ে ২৮টি, সীতাপুরে ১৬টি এবং কনৌজে ১৪টি প্রাণীর মৃত্যু হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় উত্তর প্রদেশে গড়ে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যেখানে এই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাত হয় ৭ দশমিক ৬ মিলিমিটার। অর্থাৎ স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত হয়েছে প্রায় ৭৭৫ শতাংশ বেশি। উত্তর প্রদেশের ৭৫টি জেলার মধ্যে ৬৩টিতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে।

ওড়িশা
ওড়িশায় গত ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিপাতে ১০টি জেলার অন্তত ৭৩ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারি জানান, বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ওড়িশা। বিশেষ করে কোরাপুট, নবরঙ্গপুর, মালকানগিরি, রায়গড়া, গঞ্জাম ও গজপতি জেলা বৃষ্টিতে বিপর্যস্ত। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি প্রত্যন্ত এলাকার ৪৯টি ওয়ার্ড এবং ৮০টি ব্লক। এছাড়াও ৩২৫টি গ্রাম পঞ্চায়েত ও ১ হাজার ৭১টি গ্রাম বন্য কবলিত। ওড়িশার ত্রাণ কমিশনার রাজেশ প্রভাকর পাতিল জানান, একটানা বৃষ্টিতে ৭২১টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪ হাজার ৪৮০ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ছত্তিশগড়
অতিরিক্ত বৃষ্টিতে নাকানিচোবানি খাচ্ছে ছত্তিশগড়ও। রাজ্যের প্রশাসনিক কর্তারা জানান, বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বহু এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। গত শুক্রবার কোন্দাগাঁও এলাকায় পানিতে ভেসে যাওয়া ধানক্ষেতে মাছ ধরার সময় পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪০ বছরের এক কৃষকের। খারাপ আবহাওয়ার কারণে দান্তেওয়াড়া, বিজাপুর, কোন্ডাগাঁও, কাঙ্কের, বস্তার, গারিয়াঁবন্দ, ধামতারি ও দুর্গের সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার সরকারি স্কুলগুলোর পরীক্ষাও স্থগিত করেছে কর্তৃপক্ষ।

ত্রাণ ও উদ্ধার কাজ
বন্যা বিধ্বস্ত এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার, খাবার পানি ও অস্থায়ী তাঁবু সরবরাহ করা হচ্ছে। আবহাওয়া দপ্তর থেকে আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে পাহাড়ি এলাকায় আরো বৃষ্টির পূর্বাভাস থাকায় উদ্ধারকাজে লাল সতর্কতা বহাল রাখা হয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test