E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলায় নিহত ১৪

২০২৬ অক্টোবর ৩০ ১৩:৫৬:১৬
ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দুটি যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনিপ্রো শহরে একটি রেলস্টেশনে এ হামলার ঘটনা ঘটে।ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর গানজা জানিয়েছেন, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে ১১ বছর বয়সী একটি শিশুও রয়েছে। আহত এক ব্যক্তির দুই পা কেটে ফেলতে হয়েছে।

হামলাটিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে, এ ঘটনার পর কিয়েভের মিত্রদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।জেলেনস্কি জানিয়েছেন, হামলার সময় প্ল্যাটফর্মে একটি নিয়মিত যাত্রীবাহী ট্রেন ও একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে ছিল। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের প্রকাশ করা ছবিতে পুড়ে যাওয়া ট্রেন, ভাঙা জানালা ও প্ল্যাটফর্মে পড়ে থাকা মরদেহ দেখা গেছে।এ হামলার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। একই সঙ্গে, রাশিয়ার ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে, ইউক্রেনের অন্যান্য এলাকাতেও রাশিয়ার পৃথক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। চেরনিহিভ শহরে ড্রোন হামলায় ১৫ বছর বয়সী দুই কিশোরী নিহত হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, ক্রেমেনচুক শহরে একটি আবাসিক ভবনে হামলায় প্রাণ হারিয়েছেন তিনজন। এ হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ছয় বছর বয়সী একটি শিশুও রয়েছে।এ পরিস্থিতিতে রাশিয়ার ওপর থেকে কিছু মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার সমালোচনা করেছেন জেলেনস্কি। নিষেধাজ্ঞা শিথিল করা হলেও রাশিয়া বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধ করেনি বলে অভিযোগ করেছেন তিনি।অন্যদিকে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা আবার শুরুর প্রস্তুতিও চলছে। আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈঠকের কথা রয়েছে দুই দেশের প্রতিনিধিদের।

তথ্যসূত্র : এএফপি

(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০২৬)





পাঠকের মতামত:

৩০ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test